


গত রবিবার (১৮ মে) বিকালে নীলফামারীর সৈয়দপুর উপজেলার ওপর দিয়ে প্রচণ্ড বেগে মৌসুমি ঝড় বয়ে গেছে। সেই সঙ্গে মুষলধারে বৃষ্টিপাতে হয়েছে। তবে এতে উঠতি বোরো ধান, ভুট্টা, শাক সবজিসহ অন্যান্য ফসলের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।
গত রবিবার বিকেল সাড়ে চারটার দিকে একই সঙ্গে ঝড় ও বৃষ্টিপাত শুরু হয়। প্রচন্ডবেগে ঝড়ে ও মুষলধারে বৃষ্টিতে পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বেশ কিছু কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে কিছু গাছগাছালির ডালপালাও উপড়ে পড়েছে।
সৈয়দপুর বিমানবন্দরে অবস্থিত আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হাকিম জানান, গত রবিবার সকাল ছয়টা থেকে গতকাল সোমবার (১৯ মে) সকাল ৬ টা পর্যন্ত সৈয়দপুরসহ আশেপাশের এলাকায় ১২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০ কিলোমিটার। তিনি জানান, আজ মঙ্গলবার (২০ মে) পর্যন্ত ঝড়ো বাতাস ও বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, মৌসুমি ঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে শহর ও গ্রামাঞ্চলে প্রায় ৫/৬ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। রাত ১১টার পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ধীমান ভূষণ জানান, উপজেলায় গত চব্বিশ ঘণ্টায় ১২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টিপাতের পর পরই বৃষ্টির পানি সরে গেছে। ফলে উঠতি বোরো, ভূট্টা কিংবা অন্যান্য ফসলের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। আজ মঙ্গলবার আবহাওয়া ভাল থাকলে অর্থাৎ রোদ দেখা দিলে কোন ফসলেরই কোন সমস্যা হবে না বলে জানান তিনি।