


ঠাকুরগাঁও সদর থানা এলাকায় চুরি হওয়া একটি তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশার বিভিন্ন যন্ত্রাংশসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৬ জুন দুপুরে গোয়ালপাড়া এলাকা থেকে অটোরিকশাটি চুরি হয়েছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ জুন দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের মধ্যে ঠাকুরগাঁও সদর থানাধীন ২নং ওয়ার্ডের গোয়ালপাড়া এলাকার নিজ বসতবাড়ীর গেটের সামনে পাকা রাস্তা থেকে মো. রফিকুল ইসলামের ০৩ চাকা বিশিষ্ট, ০৪ ব্যাটারি চালিত একটি অটোরিকশা আনুমানিক মূল্য ১,২৮,০০০ টাকা চুরি হয়ে যায়।
তাৎক্ষণিকভাবে গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইমদাদুর রহমান ও অন্যান্য ফোর্সসহ অভিযান শুরু করেন। প্রথম ধাপে ঠাকুরগাঁও শহরের শাহাপাড়া এলাকার ভাড়া বাসা থেকে মো. মোহামিনুল ইসলাম মিনু (২৪) নামের একজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহামিনুল ইসলাম মিনু চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং এ বিষয়ে তথ্য দেন।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে দ্বিতীয় ধাপে দিনাজপুর জেলার কাহারোল থানাধীন পূর্ব সাদিপুর এলাকা থেকে মো. আইজার রহমান (৩২) নামের আরেকজনকে গ্রেফতার করা হয়। আইজার রহমানও জিজ্ঞাসাবাদে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং জানান যে চুরি হওয়া অটোরিকশাটি তিনি কিনে মো. সিরাজুল ইসলাম ওরফে চালাকু (৫৩) নামের এক ব্যক্তির হেফাজতে রেখেছেন।
পরবর্তীতে গ্রেফতারকৃত মোহামিনুল ইসলাম মিনু ও মো. আইজার রহমানকে সঙ্গে নিয়ে তৃতীয় ধাপে অভিযান চালিয়ে দিনাজপুর জেলার খানসামা থানাধীন গোয়ালডিহি (এছার পাড়া) গ্রাম থেকে মো. সিরাজুল ইসলাম ওরফে চালাকু (৫৩)-কে গ্রেফতার করে পুলিশ। সিরাজুল ইসলাম ওরফে চালাকু-এর দেখানো মতে তার বসতবাড়ি থেকে চুরি যাওয়া অটোরিকশার বিভিন্ন খুলে ফেলা অংশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত যন্ত্রাংশের মধ্যে রয়েছে: চারটি সাদা কমলা রঙের লাইফ প্লাস ব্যাটারি, চালকের আসনের একটি ও যাত্রীর আসনের একটিসহ মোট দুটি সিটকভার, অতিরিক্ত টাকাসহ মোট চারটি চাকা, ভাঙা একটি ছোকাপ সেট, হ্যান্ডেলের সঙ্গে সংযুক্ত ভাঙা হেডলাইট ও মিটার সেট, একটি বাম্পার, একটি মটরসহ ডিভিশনাল সেট, দুটি স্প্রিং পাতি সেট এবং একটি কন্ট্রোল বক্স।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সরোয়ার আলম খান বলেন,
প্রাথমিক তদন্তে আসামিদের জড়িত থাকার বিষয়ে সত্যতা পাওয়া গেছে। এই চুরি ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।