
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মোত্তালেব (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) বেলা দেড়টার দিকে সদর ইউনিয়নের থানাপাড়া এলাকায় তার অস্থায়ী বাসভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আব্দুল মোত্তালেব উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। তিনি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার মোস্তফা কামালের ছেলে হলেও দীর্ঘদিন ধরে গঙ্গাচড়ার থানাপাড়া গ্রামে বসবাস করে আসছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে দেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি, জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য প্রচারের মাধ্যমে উত্তেজনা সৃষ্টির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ধরনের কর্মকাণ্ড জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনা করে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাকে আটক করা হয়।পুলিশের দাবি, মোত্তালেবের বিরুদ্ধে সংগঠিত একটি চক্রের সঙ্গে মিলে পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করার প্রমাণ রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চলছে।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান জানান, জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ অনুযায়ী শুক্রবার দুপুরে আমরা অভিযান চালিয়ে আব্দুল মোত্তালেবকে আটক করি। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Related