


বগুড়ার আদমদীঘি উপজেলায় এক নারী কর্তৃক একটি গৃহপালিত বিড়ালকে নির্মমভাবে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্য এমরান হোসেন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়, গত ৪ নভেম্বর দুপুর আনুমানিক ১টা থেকে ২টার মধ্যে আদমদীঘি উপজেলার নশরতপুর ইউনিয়নের দত্তবাড়ীয়া গুচ্ছগ্রামে মোছাঃ বুলবুলি (২৬) নামের এক নারী তার বাড়িতে একটি সাদা-কালো রঙের বিড়ালকে বটি দিয়ে জবাই করে হত্যা করেন। পরে মৃত বিড়ালটির দেহ বাড়ির পাশের ধানক্ষেতে ফেলে দেওয়া হয়।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও আকারে প্রকাশ পেলে বিষয়টি বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নজরে আসে। সংগঠনের নির্দেশে সদস্য এমরান হোসেন ৫ নভেম্বর সকালে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।