


নীলফামারীর সৈয়দপুর শহরের বিশিষ্ট ব্যবসায়ী মো. আলতাফ হোসেন, পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. এরশাদ হোসেন পাপ্পু ও পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী মো. আইয়ুব আলীর বিরুদ্ধে দুদকের পৃথক পৃথক দুইটি মামলা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক), রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক জয়ন্ত সাহা বাদী হয়ে গত রোববার (১৬ নভেম্বর) নীলফামারী সিনিয়র স্পেশাল জজ আদালতে ওই মামলা দায়ের করেন। মামলায় তাদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করতঃ রেলওয়ের মালিকানাধীন ভূমিতে বহুতল ভবন তথা স্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগ আনা হয়।
দুদক সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী মো. আলতাফ হোসেন রেলওয়ে মালিকাধীন জায়গা জমি দখলে নিয়ে অবৈধভাবে বহুতল ভবন তথা স্থায়ী স্থাপনা নির্মাণ করেন। সৈয়দপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু ও পৌরসভার সাবেক নির্বাহী প্রকৌশলী মো. আইয়ুব আলী পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে ব্যবসায়ী আলতাফ হোসেনকে সৈয়দপুর শহরের রেলওয়ে জমিতে বহুতল ভবন তথা স্থায়ী স্থাপনা নির্মাণে সহায়তা করেন।
আর দুর্নীতি দমন কমিশন, রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক (এডি) বর্তমানে দুদক প্রধান কার্যালয়ে উপপরিচালক পদে কর্মরত হোসাইল শরীফ দীর্ঘ সময় ধরে সরেজমিনে একাধিকবার সৈয়দপুরে এসে বিষয়টি তদন্ত করেন। এরপর চলতি নভেম্বর মাসের গত ১৬ তারিখে তাদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গ করতঃ রেলওয়ের মালিকানাধীন ভূমিতে বহুতল ভবন তথা স্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক), রংপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক জয়ন্ত সাহা বাদী হয়ে নীলফামারী সিনিয়র স্পেশাল জজ আদালতে পৃথক পৃথক দুইটি মামলা দায়ের করেন। দন্ডবিধির ৪০৯/৪২০/৪৭৭ (ক)/১০৯ ধারা তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় ওই মামলা দায়ের করা হয়।
মামলায় সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ার বাসিন্দা মৃত. নজির আহমেদের ছেলে বিশিষ্ট ব্যবসায়ী মো. আলতাফ হোসেন (৬১), সৈয়দপুর পৌরসভা ১১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শহরের নতুন বাজার এলাকার মৃত. শেখ আব্দুল্ল্যার ছেলে মো. এরশাদ হোসেন পাপ্পু (৫৩) এবং সৈয়দপুর পৌরসভা সাবেক নির্বাহী প্রকৌশলী বর্তমানে লালমনিরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আইয়ুব আলীকে (৫৫) আসামী করা হয়েছে। দুদক, সজেকা, রংপুরের মামলা নং-১২ তারিখ-১৬/১১/২৫ এবং দুদক, সজেকা, রংপুরের মামলা নং-১৩, তারিখ : ১৬/১১/২৫ইং। পৃথক পৃথকভাবে দায়েরকৃত ওই দুই মামলার প্রথমটিতে তিনজনকে এবং অপর একটি মামলায় শুধুমাত্র ব্যবসায়ী আলতাফ হোসেনকে আসামী করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক জয়ন্ত সাহা মামলার দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।