


নীলফামারী–১ (ডোমার–ডিমলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারি একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন।
রবিবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। আয়োজকদের দাবি, এতে প্রায় তিন হাজার মোটরসাইকেল অংশ নেয়। শোভাযাত্রা ডোমারের ৯টি ইউনিয়ন ও পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুনে সজ্জিত র্যালিটি দেখতে সড়কের দুই পাশে ব্যাপক জনসমাগম হয়।
স্থানীয়দের ভাষ্য, সাম্প্রতিক সময়ে এলাকায় এত বড় রাজনৈতিক সমাবেশ দেখা যায়নি। নির্বাচনের আগে জামায়াতের এ উপস্থিতি প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে নতুন আলোচনা সৃষ্টি করেছে। সমাবেশে বক্তব্য দেন প্রার্থী আব্দুস সাত্তার। তিনি বলেন, “তরুণ সমাজ এখন দুর্নীতি-সন্ত্রাসের বিরুদ্ধে জাগ্রত। বাংলাদেশ ৫৪ বছর পার করলেও এখনো সুশাসন প্রতিষ্ঠিত হয়নি। আজকের মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে আমরা দুর্নীতির বিরুদ্ধে জনমত আরও শক্তিশালী করতে চাই।”
তিনি আরও দাবি করে বলেন, “গত ৫৪ বছরে এ আসনের প্রতিটি সংসদ সদস্য কোনো না কোনোভাবে দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। তাই জাতি এখন বিকল্প নেতৃত্ব খুঁজছে। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে দুর্নীতিমুক্ত ব্যক্তির হাতেই নেতৃত্ব দিতে হবে।”
শোডাউন ও পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি প্রভাষক ছাদের হোসেন, ডোমার উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হাকিম, ডিমলা উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মজিবুর রহমানসহ জেলা-উপজেলার নেতারা। ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র্যালিতে অংশ নেন। র্যালি শেষে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।