


“সুস্থ শিক্ষার্থী, শক্তিশালী জাতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ব্লু স্টার পাবলিক স্কুল এন্ড কলেজের আয়োজনে শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) দিনব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ক্যাম্প–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ স্বাস্থ্য ক্যাম্পে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন নীলফামারী মেডিকেল কলেজের মেডিকেল অফিসার, মেডিসিন ও বাত-ব্যথা রোগের চিকিৎসক ডা. এম এ সুজন এবং হৃদরোগ, মেডিসিন, বাতজ্বর, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. রাশেদুজ্জামান।
চিকিৎসকরা শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং রোগ প্রতিরোধে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেন। বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, বাত-ব্যথা ও হৃদরোগ বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
শিক্ষার্থীরা জানায়, “স্কুলে এসে বিনা খরচে ডাক্তার দেখাতে পেরে খুব ভালো লেগেছে। নিজের স্বাস্থ্য সম্পর্কে অনেক নতুন তথ্য জানতে পেরেছি।” অভিভাবকরা বলেন, “বর্তমান সময়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা খুব জরুরি। এমন উদ্যোগ নেওয়ায় আমরা বিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ।”
চিকিৎসক ডা. এম এ সুজন বলেন, “শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই স্বাস্থ্য সচেতন করে তুললে ভবিষ্যতে বড় রোগের ঝুঁকি অনেক কমে যায়। এই ধরনের ক্যাম্প অত্যন্ত কার্যকর।” ডা. রাশেদুজ্জামান বলেন, “আজকাল শিশু-কিশোরদের মধ্যেও ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের প্রবণতা দেখা যাচ্ছে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা জরুরি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লু স্টার পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালক মো. আবু হাতেম ও মো. আব্দুল মান্নান। পরিচালক মো. আবু হাতেম বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সুস্বাস্থ্য নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।” তিনি আরও জানান, শিক্ষার্থীদের একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে প্রতিষ্ঠান সবসময় সচেষ্ট থাকবে।
সুশৃঙ্খল ও সফলভাবে আয়োজিত এই স্বাস্থ্য সুরক্ষা ক্যাম্প শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এমন উদ্যোগ শিক্ষার পাশাপাশি স্বাস্থ্য সচেতন জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।