


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী – ৪ আসনে সৈয়দপুর উপজেলার ৯১টি ভোট কেন্দ্রে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ভোট গ্রহন চলাকালে উপজেলার কোথাও কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহনের শুরু থেকে বিকেলে সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণের শেষ সময় অবধি ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে এবং হ্যাঁ ও না গণভোট প্রয়োগ করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহনের দিন সৈয়দপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভা এলাকার ৫০টিরও বেশি ভোট কেন্দ্রে সরেজমিনে ঘুরে ঘুরে দেখা যায় প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহন করা হয়।
সকাল সাড়ে নয়টায় উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর বালাপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায় কিছু কিছু করে ভোটার এসে ভোট দিয়ে ভোট কেন্দ্র থেকে বের হয়ে যাচ্ছে।
ওই কেন্দ্রের প্রিজাইর্ডিং অফিসারের দায়িত্বে ছিলেন সৈয়দপুর উপজেলা সমাজ সেবা অফিসার নুর মোহাম্মদ। তিনি জানান, তাঁর ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা দুই হাজার ৯৪জন। চারটি বুথে নারী ও পুরুষ উভয়ের ভোট গ্রহন করা হচ্ছে। সকাল সাড়ে নয়টা পর্যন্ত ১০ শতাংশ ভোট পড়েছে।
এ কেন্দ্রে এক হাতে লাঠি ধরে এবং অপর হাত দিয়ে নাতি বউ রাবেয়া বাঁশরীর ওপর ভর করে ভোট দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন হামিদা বেগম (১১০)। বয়সের ভাবে ন্যূজ¦ ওই বৃদ্ধা বলেন, স্বামী ইয়াকুব আলী আগেই মারা গেছেন। ছেলের সংসারে খেয়ে পড়ে বেঁচে আছি। তিনি বলেন, জীবনে অনেক নির্বাচনে ভোট দিয়েছি। আজও ভোট দিলাম। জানি না আগামীতে আর কোন নির্বাচনে ভোট দিতে পারবো কিনা ?
বেলা দুইটায় উপজেলার পাঁচ নম্বর খাতামধুপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে জানা যায় এক হাজার ২৯৬ ভোট কাস্ট হয়েছে। ওই কেন্দ্রে ভোটার সংখ্যা দুই হাজার ১২৩। প্রিজাইর্ডিং অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন বলেন, ওই সময় পর্যন্ত ৬১% ভোট পড়েছে।
বেলা আড়াইটায় উপজেলার কামারপুকুর ইউনিয়নের শিশু স্বর্গ বিদ্যা নিকেতন ভোট কেন্দ্রে গিয়ে নারী ভোটারের দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়। প্রিজাইডিং অফিসার সৈয়দপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক গোলাম ফারুক জানান, দিনের প্রথমভাগে নারী ভোটারদের উপস্থিত খুবই কম ছিল। বেলা দুইটার পর থেকে নারী ভোটারের সংখ্যা ক্রমান্বয়ে বা[ড়তে থাকে।
তিনি জানান, ওই সময় পর্যন্ত এক হাজার ৫০ ভোট পড়েছে। ওই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা দুই হাজার ১৪৬। ভোট পড়েছে ৪৯%। ওই ভোট কেন্দ্রে কথা হয় এবারেই প্রথম ভোটার হয়েছেন নাসরিন নাহার কনা। ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ওই নারী ভোটার বলেন, জীবনে প্রথম ভোট দিচ্ছি খুব খুশী লাগছে। কেমন প্রার্থীকে জীবনের প্রথম ভোট দিবেন এমন প্রশ্ন করা হলে কামারপুকুর ইউনিয়নের বাগডোকরা এলাকার ওই নতুন ভোটারকে বলেন, যোগ্য ও ভাল মানুষ এবং দেশের ও এলাকার জন্য কাজ করবেন এমন প্রার্থীকে ভোট দেবেন তিনি।
উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বোতলাগাড়ী আদর্শ বালিকা নিকেতন ভোট কেন্দ্রের প্রিজাইর্ডিং অফিসার ও সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সিনিয়র শিক্ষক মো. সাদেকুল ইসলাম বলেন, সকালের দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বেড়ে যায়। একই চিত্র দেখা যায় উপজেলার অন্যান্য কেন্দ্রগুলোতেও।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নীলফামারী জেলার সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলা নিয়ে ১৫, নীলফামারী-৪ সংসদীয় আসনটি গঠিত। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬ এ আসনটিতে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৬৯টি। তন্মধ্যে সৈয়দপুর উপজেলায় ভোট কেন্দ্রের সংখ্যা ৯১টি এবং অবশিষ্ট ৭৮টি ভোট কেন্দ্র কিশোরগঞ্জ উপজেলায়। সৈয়দপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা দুই লাখ ২৬ হাজার ৯৪জন। এদের মধ্যে নারী ভোটার এক লাখ ১৩ হাজার ৫২৮জন এবং পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৫৬২জন।