1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
‘জিরো টলারেন্স’ ঘোষণা জামায়াত এমপির চাঁদাবাজির বিরুদ্ধে | দৈনিক সকালের বাণী
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

‘জিরো টলারেন্স’ ঘোষণা জামায়াত এমপির চাঁদাবাজির বিরুদ্ধে

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২০ জন দেখেছেন

নীলফামারীর ডোমারে নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলন করেছেন নীলফামারী-১ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার। রবিবার বিকালে ডোমার পৌর শহরের আইডিয়াল স্কুলে উপজেলা জামায়াতে ইসলামী এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার বলেন, গত শনিবার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে তাদের কর্মীদের ওপর হামলা করা হয়েছে। দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার কারণে বিভিন্নভাবে নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

নির্বাচনে পরাজিত প্রার্থী তার কর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানালেও তার প্রতিফলন দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকবে, আর এটাই গণতন্ত্রের সৌন্দর্য। জনগণের জন্য কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে জনগণের ম্যান্ডেট নিয়ে জয়লাভ করতে হলে জনকল্যাণে কাজ করতে হবে। প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি বলেন, প্রশাসন যদি যথাযথ ভূমিকা রাখত, তাহলে আহত হওয়ার ঘটনাগুলো হয়তো ঘটত না।

তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, ফ্যাসিস্ট সরকারের পুলিশের মতো আচরণ করলে চলবে না। পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। পুলিশ নিরপেক্ষতা বজায় রাখলে যে কোনো অন্যায় প্রতিরোধ করা সম্ভব। তিনি আরও বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে তারা ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেছেন। চাঁদাবাজি করেন না এবং কাউকে করতে দেবেন না বলেও উল্লেখ করেন। বিরোধী দলে থাকলেও অন্যায় দেখেও চুপ করে বসে থাকবেন না বলে জানান তিনি। অন্যায়, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কোনো আপস করা হবে না বলেও হুঁশিয়ারি দেন। সরকারি দলের দায়িত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারি দল ও বিরোধী দল গণতন্ত্রের প্রতীক। নির্বাচনের পর থেকে বিভিন্ন জায়গায় জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা ও হুমকির প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, যারা এসব ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হামলা ও হুমকি বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশকে গড়তে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবাই একসঙ্গে কাজ করলে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব। উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )