


পবিত্র মাহে রমজানে নীলফামারীর সৈয়দপুরে কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শুক্রবার ইকু গ্রুপের সহযোগিতায় শহরের পাঁচমাথা ট্র্যাফিক পুলিশ বক্সের সামনে ৩০ দিনব্যাপী ইফতার বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ইফতার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও প্রথম আলো পত্রিকার সৈয়দপুর ও পার্বতীপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক এম আর আলম ঝন্টু। এ সময় ফাউন্ডেশনের সদস্য সামিউল আলিম, আলমগীর হোসেন, খন্দকার আবিদা সুলতানা, রাজা, আরিফ, রাব্বি, শিশিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। তারা সকলে স্বেচ্ছাসেবক হিসেবে ইফতার বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
এ বিষয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান ইরফান আলম ইকু বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষদের মুখে হাসি ফোটানোই আমাদের ফাউন্ডেশনের মূল লক্ষ্য। মানবতার সেবায় আমরা প্রতি বছরই এই কার্যক্রম পরিচালনা করে আসছি।
এবারও অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সৈয়দপুর শহরের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। স্থানীয়রা জানান, রমজানের শুরুতেই এমন মানবিক উদ্যোগ অসহায় মানুষের জন্য বড়ো সহায়তা হয়ে দাঁড়িয়েছে।
কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশনের এই উদ্যোগ সমাজে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করবে বলে তারা আশা প্রকাশ করেন। ফাউন্ডেশন সূত্রে জানা যায়, রমজানের পবিত্রতা ও বরকত যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের ঘরে পৌঁছে যায় এই লক্ষ্যকে সামনে রেখেই পুরো রমজান মাসজুড়ে সৈয়দপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দুস্থ ও কর্মজীবী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হবে।