


নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য দেয়া হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্পোরেশনের (বিআরটিসি) একটি বাস। সদর উপজেলার পলাশবাড়িস্থ মেডিকেল কলেজ থেকে প্রতিদিন পাঁচ দফায় শিক্ষার্থীদের আনা নেয়ায় ব্যবহার হবে ৫৩ আসনের সরকারি এই বাস। নীলফামারী জেনারেল হাসপাতাল পর্যন্ত আসা যাওয়া করবে শিক্ষার্থীদের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত বাসটি।
বৃহস্পতিবার সকালে দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থীদের বাঁশ সেবা কার্যক্রমের উদ্বোধন করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন। এ সময় বিআরটিসি দিনাজপুর ডিপোর ম্যানেজার মোস্তাফিজার রহমান, বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ ‘ (বিআরটিএ) নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক মাহবুবুর রহমান, ট্রাফিক পুলিশের পরিদর্শক শাহ আলম উপস্থিত ছিলেন।
মেডিকেল কলেজ সুত্র জানায়, নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ব্যাবহারিক ক্লাশ করার জন্য যেতে হতো ছয় কিলোমিটার দুরে অবস্থিত জেনারেল হাসপাতালে। আসা যাওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হতো তাদের। শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দীর্ঘদিনের দাবি ছিলো একটি বাসের। নীলফামারী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. জিম্মা হোসেন জানান, তিন’শ শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত। বিআরটিসির সাথে আমরা চুক্তি করে একটি বাস নিয়েছি। যা আজ থেকে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য উদ্বোধন করা হলো।
এটি দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিলো এখানকার শিক্ষার্থীদের। অধ্যক্ষ জিম্মা হোসেন বলেন, শিক্ষক-শিক্ষার্থীরা অনেক কষ্ট করে মেডিক্যাল কলেজ-হাসপাতাল যাতায়াত করেছে। যার দুর্ভোগ বলে শেষ করা যাবে না। আজকে থেকে এই দুর্ভোগের অবসান হলো।