


চিত্রনায়িকা দীঘি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগে পড়ছেন। তাই একদিনের জন্য হলেও সাংবাদিকতা করতে চান তিনি। ঢালিউড তারকা শাকিব খানের একটি ভিন্নধর্মী সাক্ষাৎকার নেওয়ার ইচ্ছা আছে তার। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টে মনের এই কথা জানিয়েছেন তিনি। শাকিব খানের সঙ্গে শিশুশিল্পী হিসেবে একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন দীঘি। ‘চাচ্চু’ ছবিতে একসঙ্গে কাজ করার আগে থেকেই শাকিবকে ‘চাচ্চু’ সম্বোধন করতেন তিনি। এর সূত্র ধরে সঞ্চালক প্রশ্ন করেন, সুযোগ পেলে কোন তারকার সাক্ষাৎকার নেবেন? উত্তরে দীঘি জানান– অনেক দিন ধরেই তার ইচ্ছে শাকিব খানের সাক্ষাৎকার নেওয়ার; যেটি কিছুটা ভিন্নধর্মী হবে।
দীঘি আরও জানিয়েছেন, পরিচালক হওয়ার স্বপ্ন আছে তার। একদিনের জন্য হলেও ক্যামেরার পেছনেও কাজ করতে চান তিনি। প্রায় ১২০ মিনিটের পডকাস্টে তাকে ঘিরে বিভিন্ন কৌতূহল ও সমালোচনার উত্তর দিয়েছেন নায়িকা। পডকাস্টে পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, মোস্তফা সরয়ার ফারুকী, রায়হান রাফী, অভিনেত্রী জয়া আহসান, পূজা চেরি, ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে নিয়ে তিনি এমন কিছু বলেছেন, যা আগে কখনো বলেননি।
শনিবার (১৬ মে) রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ একযোগে প্রচার হবে ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল।