


ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে আরও বাড়িয়ে দিতে নতুন গান নিয়ে হাজির হলেন পপসম্রাজ্ঞী শাকিরা এবং নাইজেরিয়ান সেনসেশন বার্না বয়। ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এর সমর্থনে ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিশিয়াল গান হিসেবে মুক্তি পেয়েছে তাদের নতুন ট্র্যাক ‘দাই দাই’। মিয়ামিতে চিত্রায়িত এবং হান্না লাক্স ডেভিস পরিচালিত এই মিউজিক ভিডিওতে দেখা গেছে বিশ্ব ফুটবলের একঝাঁক মহাতারকাকে। ভিডিওটিতে স্ক্রিন শেয়ার করেছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেন, রদ্রিগো হার্নান্দেজ (রদ্রি), ভিনিসিয়াস জুনিয়র, তাকেফুসা কুবো, সান্তিয়াগো গিমেনেজ, আর্লিং হালান্ড, লুইস দিয়াজ, আলফোনসো ডেভিস, জামাল মুসিয়ালা এবং ক্রিশ্চিয়ান পুলিসিকের মতো ফুটবল তারকারা।
এছাড়াও এতে অংশ নিয়েছে উগান্ডার সুবিধাবঞ্চিত ও অনাথ শিশুদের পাশে দাঁড়ানো বিখ্যাত এনজিও ‘ঘেটো কিডস’। ভিডিওটির অন্যতম আকর্ষণীয় দিক হলো, মেক্সিকো সিটির ঐতিহাসিক ল্যান্ডমার্ক ‘আনহেল দে লা ইনদেপেন্দেনসিয়া’-এর চূড়ায় শাকিরার উপস্থিতি, যা মেক্সিকোর রাজধানী ‘সিউদাদ দে মেক্সিকো কোরাজন গ্রান্দে’-এর পর্যটন ক্যাম্পেইনের সহায়তায় চিত্রায়িত হয়েছে।
আগামী ১৯ জুলাই ফিফা বিশ্বকাপের ফাইনালে তৈরি হতে যাচ্ছে নতুন ইতিহাস। বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম যুক্ত হচ্ছে ‘হাফটাইম শো’। এই জমকালো আয়োজনে ম্যাডোনা এবং বিশ্বখ্যাত কোরিয়ান ব্যান্ড ‘বিটিএস’-এর সাথে সহ-প্রধান শিল্পী হিসেবে মঞ্চ কাঁপাবেন শাকিরা। সেখানে বার্না বয়কে সাথে নিয়ে ‘দাই দাই’ গানটি লাইভ পরিবেশন করবেন তিনি।
‘দাই দাই’ গানটি মূলত ‘ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’-এর অফিশিয়াল অ্যান্থেম। এর লক্ষ্য ২০২৬ সালের ফাইনালের মধ্যে ১০০ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করা, যা দিয়ে বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা ও খেলাধুলার সুযোগ নিশ্চিত করা হবে। শাকিরা এই গান থেকে প্রাপ্ত তার সমস্ত রয়্যালটি এই তহবিলে দান করছেন। পাশাপাশি সোনি মিউজিক প্রথম আড়াই লাখ ডলারের সমপরিমাণ অর্থ অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছে। শুধু তাই নয়, শাকিরার আসন্ন ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’ ট্যুরের প্রতিটি টিকিট বিক্রি থেকে ১ ডলার করে এই ফান্ডে জমা হবে।