


নীলফামারীর সৈয়দপুর উপজেলায় সাম্প্র্রতিক ঝড় ও শিলাবৃষ্টির কবলে পড়ে ক্ষতিগ্রস্থ ২০ টি অসহায় পরিবার ও ২ টি প্রতিষ্ঠানের মাঝে ৩৩ বান্ডিল ঢেউটিন, ৯৯ হাজার টাকার চেক ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিগ্রস্থদের মাঝে ওই সব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে সে সব ত্রাণসামগ্রী তুলে দেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে পাওয়া এ সব উপকরণের মধ্যে ২০ পরিবারের মাঝে ২৮ বান্ডিল এবং দুইটি ধর্মীয় প্রতিষ্ঠানে ৫ বান্ডিল ঢেউটিন প্রদান করা হয়। একই সাথে ঘর মেরামত বাবদ প্রত্যেক বান্ডিল ঢেউটিন সঙ্গে তিন হাজার করে মোট ৯৯ হাজার টাকা ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দেয়া হয়েছে। এছাড়া তাদের প্রত্যেককে দেওয়া হয় শুকনো খাবারের প্যাকেট।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের সুত্রে জানা যায়, সম্প্রতি ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার কামারপুকুর ইউনিয়নে একটি, কাশিরাম বেলপুকুর ইউনিয়নে একটি, বাঙ্গালীপুর ইউনিয়নে ১৫ টি পরিবার, একটি মসজিদ ও একটি মাদরাসা ও পৌর এলাকায় তিনটি পরিবার ক্ষতিগ্রস্থ হয়। পরবর্তীতে তাদের তালিকা প্রণয়নের পর ওই সব ঢেউটিন ও অর্থের চেক এবং শুকনো খাবার বিতরণ করাা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুল মাবুদসহ উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, মানবিক সহায়তার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ওইসব ত্রাণ সামগ্রী প্রদান করা হয়েছে।