


নীলফামারীর ডিমলা উপজেলায় নামজারি শুনানির সময় জাল দলিল উপস্থাপনের অভিযোগে দলিল লেখক ও এক জমির মালিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে উপজেলা প্রশাসন। দলিল যাচাই-বাছাইয়ে জালিয়াতির প্রমাণ পাওয়ার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির এ পদক্ষেপ গ্রহণ করেন। ভূমি অফিস সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৯ জুন) বিকেলে ডিমলা উপজেলা ভূমি অফিসে নামজারি মামলা নং-৪৬৫৩/২৫-২৬-এর শুনানি চলছিল। শুনানির একপর্যায়ে আবেদনকারী পক্ষ সাব-কবলা দলিল নম্বর-২১১৩/২৩ উপস্থাপন করলে দলিলটির তথ্য ও উপস্থাপনায় অসঙ্গতি লক্ষ্য করেন সহকারি কমিশনার (ভূমি) রওশন কবির।
বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি তাৎক্ষণিকভাবে দলিলটির সত্যতা যাচাইয়ের নির্দেশ দেন।পরে সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে দলিলটি যাচাই-বাছাই করা হলে দেখা যায়, দলিলের তফসিল সংবলিত পাতায় অবৈধভাবে পরিবর্তন আনা হয়েছে। তদন্তে জালিয়াতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। ঘটনায় নামজারির আবেদনকারী বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া ডাঙ্গারহাট এলাকার মৃত গোলজার হোসেনের ছেলে মো. লিয়াকত আলী (৪৭) এবং ডিমলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক পশ্চিম ছাতনাই ইউনিয়নের মধ্য ছাতনাই ময়দানের ডাঙ্গা গ্রামের মৃত আমিরুল ইসলামের ছেলে তহমিদুল ইসলাম সুমন (৪২)-কে আটক করে ডিমলা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পরে উপজেলা ভূমি অফিসের পেশকার তরনী কান্ত বাদী হয়ে ডিমলা থানায় ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে মামলা নম্বর-১২,তারিখ ৯ জুন ২০২৬ দায়ের করেন। ডমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দিবাকর অধিকারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। আটক ব্যক্তিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।