1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
পীরগাছায় মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্তে ৩ সদস্যের কমিটি | দৈনিক সকালের বাণী
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

সকালের বাণীতে সংবাদ প্রকাশ: পীরগাছায় মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্তে ৩ সদস্যের কমিটি

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৩৮ জন দেখেছেন
রংপুরের পীরগাছায় মিনি স্টেডিয়াম নির্মাণকাজে অনিয়মের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। কমিটিতে উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমিকে আহ্বায়ক এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সানোয়ার মোর্শেদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেনকে সদস্য করা হয়েছে। কমিটিকে জরুরিভিত্তিতে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ বহাল রয়েছে।
রবিবার বিকেলে কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন। এর আগে স্থানীয়রা ইউএনওর কাছে অভিযোগ করেন, প্রকল্পে নিম্নমানের ইট, ভিটি বালু, চিকন রড এবং প্রয়োজনের তুলনায় কম সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। তাঁদের দাবি, শুরু থেকেই নির্মাণকাজে নানা অনিয়ম চলছে। অভিযোগের প্রতিবাদ করতে গেলে ঠিকাদারপক্ষের লোকজন হামলা চালায়। পরে ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় এক ঘণ্টা পীরগাছা-রংপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
রবিবার জারি করা উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, গত ১৭ ও ১৮ জুলাই দৈনিক সকালের বাণী, আমার দেশ ও সংবাদ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে নির্মাণকাজে নিম্নমানের ইট, ভিটি বালু, অপর্যাপ্ত সিমেন্ট ও সিডিউলবহির্ভূত রড ব্যবহারের বিষয় উঠে এসেছে। এসব অভিযোগের বিষয়ে সরেজমিন তদন্ত করে তথ্যভিত্তিক মতামতসহ প্রতিবেদন দিতে কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রকল্পের সিডিউল ও নির্মাণমান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ থাকবে। তদন্ত প্রতিবেদনে কোনো ধরনের অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে শুক্রবার স্থানীয়দের অভিযোগের পর উত্তেজনা সৃষ্টি হলে প্রশাসনের হস্তক্ষেপে সাময়িকভাবে নির্মাণকাজ বন্ধ করা হয়। তবে এলাকাবাসীর দাবি, শুধু কাজ বন্ধ রাখাই যথেষ্ট নয়, স্বাধীন কারিগরি মূল্যায়নের মাধ্যমে নির্মাণকাজের পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
প্রসঙ্গত, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে প্রায় ৮ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে পীরগাছা উপজেলা স্টেডিয়াম নির্মাণ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের শুরু থেকেই নির্মাণমান নিয়ে প্রশ্ন উঠলেও এতদিন কার্যকর তদন্ত হয়নি। উপজেলা প্রশাসনের তদন্ত কমিটির প্রতিবেদনের ওপর এখন পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )