বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৭ আগস্ট রাত ২টা ৪৫ মিনিটে বালারহাট বিওপির আওতাধীন বালাটারী এবং বিকেল ৪টা ২৫ মিনিটে গংগারহাট বিওপির আওতাধীন উত্তর বিদ্যাবাগীস এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে দেখতে পেয়ে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় চোরাকারবারীরা সঙ্গে থাকা মাদকদ্রব্য ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১০০ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৩৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
জব্দকৃত মাদকের মোট সিজার মূল্য ১ লাখ ৪৭ হাজার টাকা। এর মধ্যে ইস্কাপ সিরাপের মূল্য ৪০ হাজার টাকা, ইয়াবার ১ লাখ ৫ হাজার ৬০০ টাকা এবং গাঁজার মূল্য ১ হাজার ৪০০ টাকা।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি দৃঢ়ভাবে কাজ করছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ ঘটনায় জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।