
রংপুরের পীরগাছায় দুই আমেরিকাপ্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার রাতে ইটাকুমারী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের ওই বাড়ি থেকে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান কাগজপত্রসহ ২৫ থেকে ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) রাত ৮টা থেকে ৯টার মধ্যে প্রবাসী দুই ভাই রিপন ও রাসেলের বাড়িতে এ ঘটনা ঘটে। আটক মনু মিয়া (৩৫) উপজেলার ইটাকুমারী পূর্বপাড়া গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিপন ও রাসেলের স্ত্রী-সন্তানরা পড়াশোনা ও পারিবারিক কারণে রংপুর মহানগরীতে বসবাস করেন। ঘটনার সময় বাড়িতে থাকা গৃহকর্মীও বাইরে ছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশের সীমানাপ্রাচীর টপকে ভেতরে ঢোকে। পরে লোহার রড দিয়ে দুই ভাইয়ের ঘরের আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান কাগজপত্র নিয়ে যায়।
গৃহকর্মী বেদানা ও স্থানীয় বাসিন্দা বুলবুলি বেগম জানান, রাত ৯টার দিকে তাঁরা বাড়িতে এসে ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। পরে পেছনের দেয়াল দিয়ে এক শিশুকে ভেতরে পাঠিয়ে সিটকিনি খুলে তাঁরা ঘরে প্রবেশ করেন। এ সময় আলমারি ভাঙা, আসবাবপত্র ও কাগজপত্র এলোমেলো এবং স্বর্ণালংকারের খালি বক্স মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।
ভুক্তভোগী রাসেল বলেন, রাত ১০টার দিকে ফোনে তিনি ডাকাতির খবর পান। দুর্বৃত্তরা আলমারি ভেঙে প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। লুট হওয়া মালামাল উদ্ধার ও জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
খবর পেয়ে রাতেই পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। পরে গৃহকর্মীসহ স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়।
পীরগাছা থানার ওসি সেলিম মালিক বলেন, রাত সাড়ে ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রয়োজনীয় আলামত সংগ্রহের পর ভুক্তভোগীদের পক্ষ থেকে মামলা করা হয়। পরে রাতেই অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি ইটাকুমারী পূর্বপাড়া গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে মনু মিয়া (৩৫)কে গ্রেপ্তার করা হয়েছে। লুট হওয়া মালামাল উদ্ধার এবং ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Related