বিজিবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৪ আগস্ট) রাতে গংগারহাট বিওপির আওতাধীন ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিস এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় সীমান্তের দিক থেকে এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবির টহলদল তাকে চ্যালেঞ্জ ও ধাওয়া করে। একপর্যায়ে ওই ব্যক্তি তার সঙ্গে থাকা একটি বস্তা ফেলে দ্রুত সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে ঘাসের মধ্যে বিশেষভাবে প্যাকেটজাত অবস্থায় ৭ হাজার পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার সিজার মূল্য ২১ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।
চোরাচালান, মাদকপাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।