


রংপুরে হিমাগার ভাড়া কমানোর দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে রংপুর জেলা আলু চাষি ও ব্যবসায়ী সমিতি। মঙ্গলবার দুপুর ১২টায় নগরীর মাহিগঞ্জ কলেজ রোডে অবস্থিত সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রংপুর জেলা আলু চাষি ও ব্যবসায়ী সমিতির আহ্বায়ক ও আন্দোলন কমিটির সদস্য মো. তৌহিদুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে রংপুরের আলু চাষি, ব্যবসায়ী ও হিমাগার মালিকদের মধ্যে হিমাগার ভাড়া নিয়ে বিরোধ চলে আসছে। ভাড়া কমানোর দাবিতে সমিতির পক্ষ থেকে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, মাহিগঞ্জ, সাতমাথা ও মডার্ন মোড়ে মানববন্ধন ও সংবাদ সম্মেলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
সমিতির নেতারা অভিযোগ করেন, তাদের ন্যায্য দাবি উপেক্ষা করে হিমাগার মালিকরা ৫ টাকা ভাড়া নির্ধারণের দাবিতে সম্মত হচ্ছেন না। দাবি মেনে নেওয়া না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গত ১৬ আগস্ট রংপুর চেম্বার অব কমার্সের হিমাগার মালিক সমিতির পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আলু চাষি ও ব্যবসায়ী সমিতির বিরুদ্ধে হিমাগার ভাঙচুর এবং হিমাগার থেকে আলুর বস্তা বের করে নেওয়ার অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছে রংপুর জেলা আলু চাষি ও ব্যবসায়ী সমিতি।
সমিতির নেতারা আরও অভিযোগ করেন, সাবেক আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী হিসেবে তারা যাকে উল্লেখ করেন, সেই হিমাগার মালিক সমিতির সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবুর নেতৃত্বাধীন সিন্ডিকেটের কারণে আলু ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একই সঙ্গে এই সিন্ডিকেট সরকারকে বিব্রত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা।
আলু ব্যবসায়ীদের ওই সিন্ডিকেট থেকে মুক্তি এবং হিমাগারের ভাড়া ন্যায়সংগত পর্যায়ে রাখার দাবি জানান সমিতির নেতারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আলু ব্যবসায়ী মিজানুর রহমান, রাজু সরকার, নুরুন্নবী ভূঁইয়া, আলহাজ মনসুর আলী, রফিকুল ইসলাম রঞ্জু, মেরাজুল ইসলামসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।