


কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদীর ভয়াবহ ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন নদীভাঙনকবলিত এলাকার শত শত মানুষ। সোমবার দুপুর ১২ টায় উপজেলা গেটের সামনে ফুলবাড়ী টু নাগেশ্বরী সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বড়ভিটা ইউনিয়নের চর মেখলী ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের আয়োজনে এবং অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের সহযোগিতায় অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য দেন সমাজসেবক আরিফুল ইসলাম আরিফ, বড়ভিটা ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য লাইলী বেগম, ইউপি সদস্য ইলিয়াছ হোসেন, সমাজসেবক খয়ের উদ্দিন, অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্য শিমু শেখসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, ধরলার অব্যাহত ভাঙনে চর মেখলী দিন দিন ছোট হয়ে আসছে। ইতোমধ্যে বহু মানুষের বসতভিটা, আবাদি জমিসহ শত শত বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়েছে। হুমকির মুখে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করা না হলে অবশিষ্ট ঘরবাড়ি ও সম্পদও নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
ভুক্তভোগীরা আরও বলেন, ধরলা নদীর তীরবর্তী অন্যান্য এলাকায় বাঁধ নির্মাণ করা হলেও ফুলবাড়ীর চর মেখলীসহ এ অঞ্চলে এখনও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ হয়নি। ফলে প্রতি বছরই নতুন নতুন এলাকা ভাঙনের শিকার হচ্ছে। অ্যাক্টিভিস্টা কুড়িগ্রামের প্রতিনিধি সীমা খাতুন বলেন, চর মেখলী দীর্ঘদিন ধরে অবহেলিত। নদীভাঙন থেকে মানুষ ও সম্পদ রক্ষায় দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করা জরুরি। মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে ধরলা নদীর তীর রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ এবং ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের বসতভিটা ও আবাদি জমি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।