


দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর চরে নৌকার ওপর অভিযান চালিয়ে ১ হাজার ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার (১৬ আগস্ট) রাত ১১টা ৪০ মিনিটে উপজেলার ১ নং বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর দক্ষিণপাড়া গ্রামের করতোয়া নদীর বিশ্বনাথের ঘাটের চরে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার কবলীপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৫৭) এবং একই গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে শাকিল মিয়া (২০)।
থানা সূত্রে জানা যায়, মাদক নির্মূল কমিটি কুলানন্দপুরের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট থানা পুলিশের একটি দল করতোয়া নদীর বিশ্বনাথের ঘাটের চরে অভিযান চালায়। এ সময় নৌকার ওপর থাকা রফিকুল ইসলাম ও শাকিল মিয়াকে আটক করে তাদের দেহ তল¬াশি করা হয়। তল¬াশিতে তাদের কাছ থেকে গোপালী রংয়ের মোট ১ হাজার ১৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশের দেয়া তথ্যমতে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩ লাখ ৪১ হাজার ১০০ টাকা। প্রতি পিস ইয়াবার আনুমানিক মূল্য ৩০০ টাকা হিসেবে এ মূল্য নির্ধারণ করা হয়েছে। ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আটক দুইজনকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে বলেও জানান তিনি। এ ঘটনায় ঘোড়াঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।