


নীলফামারীর ডোমার উপজেলার পাগলা বাজারে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। ব্যানারে লেখা ছিল— “মাদককে না বলি, জুয়াকে না বলি”, “মাদককে ঘৃণা করি, জুয়াকে ঘৃণা করি” এবং “মাদক ছাড়, নইলে এলাকা ছাড়; জুয়া ছাড়, নইলে এলাকা ছাড়”।
বক্তারা বলেন, বর্তমানে অনেক যুবক মাদক ও জুয়ার সঙ্গে সম্পৃক্ত হয়ে পড়ছে। কেউ মাদক সেবন করছে, কেউ বিক্রি করছে, আবার কেউ এসব অপকর্মে সহযোগিতা করছে। তারা বলেন, মাদক ও জুয়া যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সামাজিক অবক্ষয় বৃদ্ধি করছে।
বক্তারা আরও বলেন, যুবসমাজকে রক্ষা করতে না পারলে ভবিষ্যতে দেশও ক্ষতিগ্রস্ত হবে। তাই মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি পরিবার, সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।
মানববন্ধন থেকে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয় এবং মাদক ও জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।