1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
ফুলবাড়ী সীমান্তে নিখোঁজ শারীরিক প্রতিবন্ধী যুবককে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর | দৈনিক সকালের বাণী
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

ফুলবাড়ী সীমান্তে নিখোঁজ শারীরিক প্রতিবন্ধী যুবককে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৫ জন দেখেছেন
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নিখোঁজ এক শারীরিক প্রতিবন্ধী যুবককে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে পরিবারের সদস্যদের খবর দিয়ে ওই যুবককে তার বাবা কবির উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের কুরুষাফেরুষা সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার-৯৩৬-এর পাশে এক যুবককে ঘোরাফেরা করতে দেখেন টহলরত বিজিবি সদস্যরা।
পরে তাকে উদ্ধার করে তার ছবি ও পরিচয়সংক্রান্ত তথ্য লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নে জানানো হয়।
পরবর্তীতে ব্যাটালিয়নের মাধ্যমে ওই যুবকের পরিচয় নিশ্চিত হয়। উদ্ধার হওয়া যুবক লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের কাটিয়াডাবা এলাকার কবির উদ্দিনের ছেলে রাসেল রানা (১৯)।
তিনি গত ১৮ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, রাসেল নিখোঁজ হওয়ার পর তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে তার বাবা লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সীমান্তবর্তী এলাকায় বাড়ি হওয়ায় জিডির কপিসহ রাসেলের ছবি মোগলহাট বিজিবি ক্যাম্পে দেওয়া হয়েছিল। বিষয়টি পরবর্তীতে ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও অবহিত করা হয়।
শনিবার (২৯ আগষ্ট) সকালে সীমান্ত এলাকায় রাসেলকে পাওয়ার পর বিজিবি সদস্যরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। খবর পেয়ে তার বাবা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ছেলেকে শনাক্ত করেন। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে রাসেলকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়।
রাসেলের বাবা কবির উদ্দিন বলেন, গত ১৮ আগস্ট আমার ছেলে নিখোঁজ হয়। পরে থানায় জিডি করি এবং মোগলহাট বিজিবি ক্যাম্পেও তার ছবি ও জিডির কপি দিয়ে আসি। শনিবার সকালে বিজিবি সদস্যরা ফোন করে জানালে দ্রুত সীমান্ত এলাকায় গিয়ে ছেলেকে দেখতে পাই। পরে বিজিবি তাকে আমার কাছে হস্তান্তর করে।
১৩ দিন নিখোঁজ থাকা ছেলেকে পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যকে ধন্যবাদ জানিছেন রাসেলের বাবাসহ পরিবারের স্বজনরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুর রহিম জানান, সীমান্ত এলাকায় এক যুবককে ঘোরাফেরা করতে দেখে টহলদল তাকে উদ্ধার করে। পরে পরিচয় নিশ্চিত করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়। পরিবারের লোকজন এলে ওই যুবককে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সীমান্তে বিজিবির সার্বক্ষণিক টহল ও নজরদারি জোরদার অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )