


হত্যা মামলা দিয়ে নানা ভাবে পুলিশি হয়রানি বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বল্লমঝাড় ইউনিয়নের মধ্যপাড়ার স্থানীয়দের আয়োজনে গাইবান্ধা-বল্লমঝাড় সড়কের মাঠেরপার এলাকায় এসব অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তাব্য দেন, সাইদা বেগম, আয়শা বেগম আশা, রাশেদুল ইসলাম, আসামী বকুল মিয়া, নিজাম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, গত ৫ সেপ্টেম্বর সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছিল। এরমধ্যে সোহরাব মিয়ার স্ত্রী জান্নাতি বেগম টেলিভিশনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। তাকে বাঁচাতে গিয়ে কাকলি বেগম নামের এক গৃহবধু আহত হয়েছিল। পরে জান্নাতিকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এরপর ওইদিন রাতে সোহরাবের বাড়ির পাশে পারিবারিক কবরস্থানে জান্নাতির মৃত দেহ দাফন করা হয়।
পরেরদিন জান্নাতি বেগমের স্বামী সোহরাব মিয়ার কাছে ৫ লাখ টাকা দাবি করে (জান্নাতির) বাবার বাড়ির লোকজন। সেই টাকা দিতে অপারকতা প্রকাশ করেন সোহরাব। টাকা না পেয়ে জান্নাতির মামা বাদি হয়ে সোহরাব মিয়ার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় বিজ্ঞ আদালতের নির্দেশে গত সোমবার (৩০ সেপ্টেম্বর) কবর থেকে জান্নাতি বেগমের মৃত দেহ উত্তোলন করে পুলিশ। মামলার পর পুলিশ আমাদের নানাভাবে হয়রানি করছে। আমরা এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি চাই।
মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল করেন। এতে মধ্যপাড়া এলাকার নানা পেশার মানুষ অংশ নেয়।