
সংবাদপত্র বা গণমাধ্যম একটি জনপদের গণমানুষের মনের জগতে পরিবর্তন এনে পুরাতন সভ্যতা ভেঙে সেখানে নতুন সভ্যতা গড়ে তুলতে পারে। যদিও বর্তমান প্রেক্ষাপটে সঠিক সাংবাদিকতা, সঠিক সংবাদ পরিবেশন এবং একটি সংবাদপত্রকে গণমানুষের সংবাদপত্র হিসেবে গড়ে তোলা বড় চ্যালেঞ্জ। তবুও রংপুরের দৈনিক সকালের বাণী মানুষের মননে–চেতনায় পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। যা রংপুরের সংবাদপত্র শিল্প ও সাহিত্য–সাংস্কৃতিক জগতেও ইতিবাচক প্রভাব ফেলেছে।
বৃহস্পতিবার বিকেলে পীরগাছা উপজেলা পরিষদ সংলগ্ন দোলনা রেস্টুরেন্টে সকালের বাণীর প্রথম বর্ষপূৃতি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। এতে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা এনামুল হক।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পীরগাছা প্রেসক্লাবের আহবায়ক ফজলুর রহমান, যুগ্ম আহবায়ক ও দৈনিক সংবাদ প্রতিনিধি আব্দুল কুদ্দুস সরকার, যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ বুলেটিন পত্রিকার প্রতিনিধি মঞ্জুরুল আলম মিলন, সদস্য সচিব ও যুগান্তর প্রতিনিধি একরামুল ইসলাম, তিস্তা সংবাদের স্টাফ রিপোর্টার হাবিবুর রহমান হাবিব, কালবেলার পীরগাছা প্রতিনিধি মোস্তাফিজার রহমান ও মাই টিভির প্রতিনিধি খোরশেদ আলম, শ্রাবণ চন্দ্র আদিত্য ও আব্দুস ছালাম। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সকালের বাণীর পীরগাছা প্রতিনিধি রবিউল আলম বিপ্লব।
বক্তারা বলেন, বর্তমানে শুরু হয়েছে সবার আগে সর্বশেষ সংবাদ দেওয়ার প্রতিযোগিতা। আর এটি করতে গিয়ে দেখা যায় এমন অনেক সংবাদ পরিবেশিত হয়, যেগুলো আসলে ঠিক নয় এবং বিভ্রান্তিকর। অনলাইনের ক্ষেত্রে এটি বেশি ঘটে। এ কারণেই স্বাধীনতার পাশাপাশি প্রয়োজন দায়িত্বশীলতা। সেক্ষেত্রে সকালের বাণী পত্রিকা শুরু থেকে ভাল করছে। ধীরে ধীরে তারা অভীষ্ট লক্ষে পৌঁছে যাচ্ছে। বক্তারা আরো বলেন, রংপুর অঞ্চলের মানুষের সুখে–দুঃখে পাশে থাকাই হোক দৈনিক সকালের বাণীর অন্যতম উদ্দেশ্য। দৈনিক সকালের বাণী সত্য ও ন্যায়ের পক্ষে আজীবন কাজ করবে বলে বিশ্বাস এবং সারা জীবন রংপুরের মানুষের পত্রিকা হয়েই থাকবে। এ সময় গণমানুষের মনের কথা পত্রিকার পাতায় পাতায় তুলে ধরার দাবি জানান বক্তারা।
Related