


‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। সোমবার স্বাধীনতা প্রাঙ্গণে গাইবান্ধা জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন জোন এসবের আয়োজন করে।
প্রথমে জেলা প্রশাসক ফিতা কেটে ও শান্তির পায়রা আকাশে উড়িয়ে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ। এরপর জেলা প্রশাসক প্রতিটি স্টল পরিদর্শন করেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহির ইমামের সভাপতিত্বে বক্তব্য দেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) আব্দুল্ল্যাহ আল মামুন, রংপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান, গাইবান্ধা সামাজিক বনায়ন জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম শরিফুল ইসলাম মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, পরিবশে রক্ষায় গাছের ভূমিকা অনেক বেশি। গাছ আমাদের নানা ভাবে উপকার করে থাকে। জরবায়ূ ভারসাম্য রক্ষার জন্য বেশি বেশি গাছ রোপন করা প্রয়োজন।
১১ই নভেম্বর শুরু হওয়া এই মেলা শেষ হবে ১৭ই নভেম্বর। সাত দিন ব্যাপি এই মেলায় ২৯ টি স্টলে নানা প্রজাতির ফুল, ফল আর ঔষধি গাছের পসরা বসেছে। জেলার বিভিন্ন স্থান থেকে নার্সারির মালিকেরা বিভিন্ন গাছের চারার পসরা সাজিয়েছেন। সকাল থেকে রাত ৮টা পর্যন্ত ক্রেতারা তাদের পছন্দের গাছ ক্রয় করতে পারবেন। নার্সারির মালিক সাজু মিয়া বলেন, এবার মেলায় প্রায় ৯০ প্রজাতির বেশি গাছ নিয়ে আসছি। প্রথম দিনে মেলায় লোকজন কম। তবে দর্শনার্থী থাকলে অন্তত ৫০ হাজার গাছ বিক্রির আশা করছি।