


দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ মে) রাতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করে ঘোড়াঘাট থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত দুই নেতা হলেন, উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়ন চোপাগাড়ী গ্রামের ইউনুস আলী মন্ডলের ছেলে আনারুল ইসলাম (৫০)। তিনি আওয়ামী লীগের ৪নং ঘোড়াঘাট ইউনিয়ন সভাপতি। এবং দিলজার রহমান (৪৮) একই উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের করন্জি দীঘিপাড়া গ্রামের মৃত ছবির আলী প্রধানের ছেলে। তিনি ওই ইউনিয়নের একই সংগঠনের ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক।
উল্লেখ্য, গত বছর ২৪ আগস্ট ঘোড়াঘাট পৌর ছাত্রদলের সদস্য সহিদ শেখ বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা করেন। এ মামলায় উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, ইউপি চেয়ারম্যানসহ ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার অভিযোগে গত বছর ২৪ আগস্ট থানায় একটি মামলা হয়। এ মামলার তদন্তে সংশ্লিষ্টতা আসার পর গতকাল রাতে আনারুল ইসলাম ও দিলজার রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার আসামিদের দিনাজপুর আদালতে পাঠানো হবে।