


দিনাজপুরের ঘোড়াঘাটে আবারও সক্রিয় মাদকসেবী ও মাদক ব্যবসায়ীরা। ঘোড়াঘাট থানা সংলগ্ন স্থানীয় পুরাতন বাজারের কয়েকটি গলিতে প্রায় নিয়মিত দেখা মিলছে ভারতীয় আমদানি নিষিদ্ধ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেনসিডিলের খালি বোতল । এতে এলাকার সচেতনমহল এবং অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। প্রশ্ন উঠেছে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে।
সরেজমিন ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, প্রায়ই আশেপাশের বাঁশ ঝাড়, বাজারের গলি, ড্রেন ও রাস্তার পাশে ফেলে রাখা একাধিক নতুন নতুন খালি বোতল দেখা যাচ্ছে। বোতল গুলোর গায়ে থাকা লেবেল দেখে ধারণা করা হচ্ছে সেগুলো ফেনসিডিল জাতীয় মাদক দ্রব্য। অথচ এই গলিটি থানা থেকে মাত্র কয়েক গজ দূরেই অবস্থিত, যা প্রশাসনিক নজরদারির প্রশ্ন তোলে। তারা আরোও বলেন, ফেনসিডিল ছাড়াও ইয়াবা, গাঁজা সহ অন্যান্য মাদক সেবন ও বিক্রিও বেশি হয়েছে।
স্থানীয় পুরাতন বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী বলেন, আমরা প্রতিদিনই দেখছি এসব খালি বোতল। রাতে মাদকসেবীরা মাদক সেবন করে বাজারের বিভিন্ন স্থানে ফেলে রেখে যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যেখানে থানা পাশে, সেখানেই যদি এমন অবাধে মাদকদ্রব্যের ব্যবহার হয়, তাহলে এই ঘোড়াঘাট উপজেলার অন্যান্য বাজার সহ প্রত্যন্ত এলাকা গুলোর কি অবস্থা!’ তারা আরও বলেন, মাদকের সহজলভ্যতা ও প্রশাসনিক দুর্বলতাই এই পরিস্থিতির জন্য দায়ী। এ পরিস্থিতি থেকে উত্তরণের দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
বিষয়টি নিয়ে ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা ইতিমধ্যে অভিযান চালাতে শুরু করেছি এবং মাদকসেবী ও ব্যবসায়ীদের চিহ্নিত করার চেষ্টা করছি।