


বাংলাদেশ সরকার কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধা নিশ্চিতকরণ এবং জলাবদ্ধতা দূর করতে দেশব্যাপী ব্যাপক ‘খাল পুনঃখনন কর্মসূচি’ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সারা দেশের ন্যায় রংপুরের কাউনিয়ায় খাল পূর্ণ খনন করা হচ্ছে। মঙ্গলবার রংপুরের কাউনিয়া উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় সারাই ইউনিয়নের ধুমগাড়া নদী ও কুর্শা ইউনিয়নের সিঙ্গারকুড়া এলাকায় খাল পুনঃ খনন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল আমিন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল আমিন বলেন, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির খাল খনন কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম হওয়ার সুযোগ নেই। এটি সম্পূর্ণভাবে জনস্বার্থে বাস্তবায়ন করা হচ্ছে। খাল পুনঃ খননের মাধ্যমে পানির প্রবাহ স্বাভাবিক থাকবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষকরা সেচ ব্যবস্থায় বাড়তি সুবিধা পাবেন। ধুমনদী পুনঃ খননের মাধ্যমে নদীর দ্ইুপাড়ে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, দেশের কৃষি ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে খাল খনন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নমূলক এসব কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। খাল খনন এই কর্মসূচির মাধ্যমে কর্মহীন মানুষের জন্যও সৃষ্টি হবে অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ।স্থানীয় জনগণকে এ প্রকল্পের সুফল সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, খাল রক্ষা ও এর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহহুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মনিরুল ইসলাম, সারাই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মিয়া, কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি রাকিবুল হাসান পলাশ, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, কুর্শা ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাব হোসেন, সারাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাজান মিয়া প্রমুখ।