


কাউনিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি, সাংবাদিক ও শিক্ষাবিদ মো. সারওয়ার আলম মুকুল কৃষিভিত্তিক সাংবাদিকতায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা অর্জন করেছেন। রংপুর থেকে প্রকাশিত দৈনিক দাবানল পত্রিকার ৫৫ বছর পূর্তি ও ৫৬ বছরে পদার্পণ উপলক্ষ্যে গতকাল শনিবার সন্ধ্যায় রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন এবং দৈনিক দাবানলের সম্পাদক খন্দকার মোস্তফা সরওয়ার অনু সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। মো. সারওয়ার আলম মুকুল রংপুর জেলার কাউনিয়া উপজেলার একজন বিশিষ্ট সাংবাদিক, শিক্ষক, সংগঠক ও সমাজসেবক।
তিনি রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সাদেক আলী ভুঁইয়া ও ফিরোজা বেগমের কনিষ্ঠ পুত্র। তিনি ১৯৮৫ সালে কাউনিয়া মফাজ্জল হোসেন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮৭ সালে কাউনিয়া কলেজ থেকে এইচএসসি, ১৯৯৬ সালে কারমাইকেল কলেজ থেকে দর্শনে স্নাতক এবং ১৯৯৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই সাংবাদিকতার প্রতি আগ্রহী সারওয়ার আলম মুকুল দশম শ্রেণিতে অধ্যয়নকালেই লেখালেখি শুরু করেন। পরবর্তীতে তিনি বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় গণমাধ্যমে কাজ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, কৃষি ও কৃষকের সমস্যা-সম্ভাবনা, জনদুর্ভোগ, সামাজিক সংকট এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরে প্রশংসা অর্জন করেন।
বর্তমানে তিনি কাউনিয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব পালন করছেন। এছাড়া কাউনিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি হিসেবে সাংবাদিকদের পেশাগত অধিকার ও গণমাধ্যমের উন্নয়নে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তিনি পিএফজি কমিটির সমন্বয়কারীর দায়িত্বও পালন করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি তিস্তা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা করছেন। শিক্ষা, সমাজসেবা, জনসচেতনতা বৃদ্ধি, করোনা প্রতিরোধ কার্যক্রম, মসজিদ-মাদ্রাসা নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। সমবায় আন্দোলনের সঙ্গেও তিনি দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। বর্তমানে তিনি ৫নং কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া রংপুর কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সহ-সভাপতি থাকাকালে রংপুরে বৃহৎ সমবায় মার্কেট প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সমস্যা, দুর্নীতি, মাদকবিরোধী কার্যক্রম এবং সাধারণ মানুষের অধিকার নিয়ে ধারাবাহিক অনুসন্ধানী ও জনমুখী প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তিনি বৃহত্তর রংপুর অঞ্চলে একজন দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ সাংবাদিক হিসেবে সুপরিচিতি লাভ করেছেন। সাংবাদিকতা, শিক্ষা, সমবায় ও সমাজসেবায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ দৈনিক দাবানল পরিবার তাকে এই সম্মাননায় ভূষিত করে।