1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সৈয়দপুরে নারী ক্রিকেটারের পাশে দাঁড়ালেন ইউএনও | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

সৈয়দপুরে নারী ক্রিকেটারের পাশে দাঁড়ালেন ইউএনও

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ২০ জন দেখেছেন

আসন্ন নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে রংপুর বিভাগীয় নারী ক্রিকেট দলে খেলার সুযোগ পাওয়া নীলফামারীর সৈয়দপুরের প্রতিভাবান অলরাউন্ডার ক্রিকেটার সুরাইয়া আক্তারের পাশে দাঁড়িয়েছেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। এই ক্রিকেটারের হাতে অনুশীলনের জন্য তুলে দিলেন প্যাড, হ্যান্ড গ্লোবস্, হেলমেটসহ অন্যান্য উপকরণ।

বৃহস্পতিবার উপজেলা পরিষদে তাঁর কার্যালয়ে ক্রিকেটার সুরাইয়ার হাতে ওই সব উপকরণ তুলে দেন তিনি (ইউএনও)। এ সময় উপস্থিত ছিলেন জেলা নারী ক্রিকেট দলের কোচ মোক্তার সিদ্দিকী ও ক্রীড়া সংগঠক এহতেশামুল হক সানি প্রমুখ। জানা যায়, সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কাঙ্গালুপাড়ার অধিবাসী প্রতিভাবান ক্রিকেটার সুরাইয়া আক্তার। সে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত। ছোট থেকেই ক্রিকেটের প্রতি রয়েছে দুর্বলতা তাঁর। তাঁর ইচ্ছে বড়ো হয়ে একজন ভালো ক্রিকেটার হওয়া।

এ কারণে সে সাবেক জাতীয় ক্রিকেট দলের উইকেট কিপার ও নতুন কুঁড়ি স্পোর্টসের নীলফামারী জেলা নারী ক্রিকেট দলের কোচ মোক্তার সিদ্দিকীর সিটি ক্রিকেট একাডেমিতে প্রশিক্ষণ নিতে ভর্তি হয়। চালিয়ে যেতে থাকে ব্যাটিং ও বোলিংয়ের অনুশীলন।

এক পর্যায়ে সকলের সহযোগিতায় নতুন কুঁড়ি স্পোর্টসের ক্রিকেটে সৈয়দপুর উপজেলা হয়ে জেলা পর্যায়ে অংশ নেয় সুরাইয়া। এ সময় তাঁর ক্ষুদে হাতে করা টর্নেডো গতির পেস বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে নীলফামারী জেলা দলে খেলার সুযোগ পায় সে। পরে জেলা দলের হয়ে বিভাগীয় পর্যায়ে তার নজরকাড়া অলরাউন্ডিং নৈপুণ্যে তাকে বিভাগীয় দলের চূড়ান্ত ১৪ জনের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

ক্রিকেটার সুরাইয়ার ঘনিষ্ঠ সূত্র জানা যায়, বিভাগীয় দলে সুযোগ পাওয়ার পর নিয়মিত অনুশীলন করা নিয়ে চিন্তিত ছিল সে। কারণ অনুশীলনের জন্য তার প্রয়োজনীয় উপকরণ ছিল না। পরে শুভাকাঙ্ক্ষীদের পরামর্শে ক্রিকেটের অনুশীলনের জন্য খেলার উপকরণ চেয়ে সে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা বরাবরে একটি আবেদন করে।

এ আবেদন হাতে পেয়ে ইউএনও (ফারাহ ফাতেহা তাকমিলা) ক্রিকেটার সুরাইয়াকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্রীড়া উপকরণ দিয়ে সহায়তা করেন। সৈয়দপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, রংপুর বিভাগীয় নারী ক্রিকেট দলের হয়ে আসন্ন নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাওয়ায় আমি তার সফলতা কামনা করি। তিনি বলেন আমি আশাবাদি সুরাইয়া আক্তার ভালো খেলে রংপুর বিভাগীয় দলকে বিজয়ী করে সৈয়দপুরের সুনাম বাড়িয়ে দিবে। উল্লেখ্য, ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর ও কিশোরীদের সুপ্ত প্রতিভা অন্বেষণে শুরু হতে যাচ্ছে নতুন কুঁড়ি জাতীয় স্পোর্টস।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ক্যাটাগরিতে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )