1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
চালের চেয়েও আলুর দাম বেশি; মানুষ এবার আলুর বদলে খাবে কী | দৈনিক সকালের বাণী
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন

চালের চেয়েও আলুর দাম বেশি; মানুষ এবার আলুর বদলে খাবে কী

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৭৫ জন দেখেছেন
‘ভাতের বদলে আলু খান, ভাতের ওপর চাপ কমান’- কথাটি নিশ্চয়ই মনে আছে আপনাদের। আসলে থাকারই কথা! বেশি দিন আগের কথায় নয়, ২০০৮ সালে চালের বাজারে দামের ধাক্কা সামাল দিতে সরকারের পক্ষ থেকে মন্ত্রীরা বলতেন ‘বেশি করে আলু খান ভাতের ওপরে চাপ কমান’।
তখন মানুষও সত্যি সত্যি আলুতে ঝুঁকে ছিলেন। কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে। দামের চোটে এখন আলু থেকে মুখ ফেরাতে হচ্ছে অনেক ক্রেতার। কারণ, সারাদেশের ন্যায় দিনাজপুরের খানসামা উপজেলার বিভিন্ন বাজারে আলুর দাম মাঝারি ও মোটা চালের দরকেও ছাড়িয়ে গেছে।

‘বেশি করে আলু খান, ভাতের ওপর চাপ কমান’–এক সময় দেওয়া এমন স্লোগানের বিপরীত চিত্র দেখা যাচ্ছে এখন। ‘আলুর ওপর চাপ কমাতে’ ভাত খাওয়ার মত দশা তৈরি হয়েছে।

শনিবার  (১৬ নভেম্বর ) উপজেলার বিভিন্ন বাজারে সরেজমিনে দেখা গেছে ৭০ টাকা কেজিতে আলু বিক্রি হয়েছে। পাড়া-মহল্লায় এই দর ঠেকেছে ৭০ থেকে ৭৫ টাকায়। যা গত কয়েক সপ্তাহে আগেও ৪৫ – ৫৫ টাকার মধ্যেই ছিল। ব্যবসায়ীরা বলছেন, এ বছর আলুর যে সংকট সেটা সবাই জানে, তাই দাম কোথায় গিয়ে ঠেকবে সেটা বলা সম্ভব না। অপরদিকে বর্তমানে দেশের বাজারে ৫৫ টাকা থেকে ৬৫ টাকা দরে বিভিন্ন মানের চাল পাওয়া যায়।

পাকেরহাট বাজারে খোঁজ নিয়ে জানা যায়, পাইজাম, ব্রি-২৮ ৬০ টাকা ও ব্রি-২৯ জাতের চালের দাম লাফ দিলেও পাওয়া যাচ্ছে ৫৮ টাকা কেজি দরে।

আলু বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সবজি। সারা বছরই বাজারে এর দেখা মেলে। এই দেশের প্রায় প্রতিটি ঘরেই আলু সবজি হিসেবে ব্যাপক জনপ্রিয়। বাংলাদেশের এই জনপ্রিয় সবজিটি আবার কোনও কোনও দেশের প্রধান খাবারও। লাতিন আমেরিকার দেশ পেরুর জাতীয় খাবার আলু। পেরুবাসী প্রতি বছর মাথাপিছু ৭০ কেজি আলু খায়। যা বিশ্বের অন্য যেকোন দেশের চেয়ে বেশি।

আলুর দাম কম থাকায় কয়েক বছর আগে বেশি করে আলু খেতে বলা হতো । কিন্তু এখন আর সেই দিন নেই। কেননা ১৫-২০ টাকার আলু এখন ঠেকেছে ৬৫ থেকে ৭০ টাকায়। বাজার মূল্যে কেজি প্রতি চালের চেয়ে এখন আলুর দাম বেশি। তাই গরিবের পাতে সচরাচর উঠছে না আলু। প্রশ্ন উঠতে পারে মানুষ এখন কোনটা খাবে? কিংবা আলুর বদলে কী খাবে?

উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের পাকেরহাট বাজারের ক্রেতা জয়নুল ইসলাম সকালের বাণীকে বলেন, তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে সংসার চালান। বাজারের যে অবস্থা, তাতে শীত যে চলে আসছে, বোঝারই উপায় নেই। এখনো বাজারে শীতের সবজি নেই। উপরন্তু আলুর দাম আরও বেড়েছে।

 একই বাজারে গিয়েছিলেন হাচানুর রহমান। তিনি কামলা দিয়ে সংসার চালান। তিনি বলেন, আগে ঘরে তরিতরকারি না থাকলে অন্তত আলুভর্তা করে ভাত খাওয়া যেত। এখন সে উপায়ও নেই। আলুর দামই অনেক বেশি।

একই বাজারে কথা হয় দিনমজুর শাহজালাল,সৈয়দ আলী,শাহিন আলম, আনোয়ারের সঙ্গে তারা সকালের বাণীকে জানায়, বাজারে কোনো কিছুতেই হাত দেওয়ার সাহস হয়না। দাম শুনেই চলে আসতে হয়। শুধু আলুভর্তা করতেও আলু, লবণ, মরিচ ও পেঁয়াজ লাগে। কিন্তু এর কোনোটিই ধরাছোঁয়ার মধ্যে নেই। মানুষ যে আলুভর্তা খেয়ে দিন কাটাবে, সেই উপায়ও নেই।

আলুর মূল্য ক্রমাগত ঊর্ধ্বগতির কারণে ‘বেশি করে আলু খান ভাতের ওপরে চাপ কমান’ কৌশল এখন আর কাজ করছে না। উল্টো ক্রয় ক্ষমতার বাহিরে যাওয়ায় গরিবের পাত থেকে সরে যাচ্ছে জনপ্রিয় সবজিটি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )