


দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ১৬ বছর ধরে বেদখলে থাকা ৩৬ শতক জমি আদালতের নির্দেশে উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সিংড়া ইউনিয়নের বিরাহিপুর গুচ্ছগ্রাম এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। দখল হস্তান্তরের সময় ঢাকঢোল বাজিয়ে আদালতের আদেশ বাস্তবায়ন করা হয়।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আদালতের নিযুক্ত প্রতিনিধিদল সকালে ঘটনাস্থলে গিয়ে জমি পরিমাপ করেন। পরে উদ্ধার হওয়া জমির সীমানা নির্ধারণ করে লাল নিশানা স্থাপন করা হয়। আদালত–সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১০ সালে স্থানীয় নারায়ণ চন্দ্র মহন্ত গংদের সঙ্গে ৩৬ শতক জমি নিয়ে বিরোধে জড়ান লগেন কিস্কু। বিষয়টি নিয়ে একাধিকবার সালিস হলেও সমাধান না হওয়ায় তিনি দিনাজপুর সহকারী জজ আদালতে মামলা করেন।
মামলার রায়ে ২০২২ সালে আদালত লগেন কিস্কুকে জমির বৈধ মালিক হিসেবে ঘোষণা করেন। পরে প্রতিপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০২৫ সালে জেলা জজ আদালত তা খারিজ করে দেন। সর্বশেষ চলতি বছরের ২২ এপ্রিল আদালত জমির দখল লগেন কিস্কুর কাছে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন।
শনিবার (২০ জুন) বিকেল সাড়ে ৫ টায় আদালতের পক্ষে সার্ভেয়ার ও জারি কারক কাওসার আলমের উপস্থিতিতে দখল হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। লগেন কিস্কু বলেন, “আইনের প্রতি আস্থা রেখেই প্রতিকার চেয়েছিলাম। দীর্ঘদিন পর আদালতের রায়ের বাস্তবায়ন হয়েছে। আদালতের প্রতিনিধি এসে আমাকে জমির দখল বুঝিয়ে দিয়েছেন।”
দিনাজপুর সহকারী জজ আদালতের জারি কারক কাওসার আলম বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী শান্তিপূর্ণভাবে জমির দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। এ সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।