1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
সেজেছে স্মৃতিসৌধ, বিজয় উদযাপনে প্রস্তুত জাতি | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

সেজেছে স্মৃতিসৌধ, বিজয় উদযাপনে প্রস্তুত জাতি

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২১৩ জন দেখেছেন

দেশ স্বাধীন হয়েছে ৫৪ বছর হতে যাচ্ছে। রাত পোহালেই মহান বিজয় দিবস। আর এই গৌরবান্বিত দিনটি উদযাপনে অপরূপ সাজে সেজেছে জাতীয় স্মৃতিসৌধ। রাজধানীর ঢাকার অদূরে সাভারে অবস্থিত এই সৌধে ফুল দিয়ে জাতীর বীর শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করবে পুরো জাতি। এজন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের প্রথম প্রহরে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ অনেকেই। আর তা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা।

 

 

মহান বিজয় দিবসকে কেন্দ্র করে সবুজে ঘেরা ১০৮ হেক্টর জমির ওপর নির্মিত স্মৃতিসৌধে গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলে প্রস্তুতি কার্যক্রম। আর এই কাজের দায়িত্বে ছিল গণপূর্ত বিভাগ। স্মৃতিসৌধকে ঢেলে সাজিয়েছে তারা। রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় স্মৃতিসৌধ এলাকায় গিয়ে দেখা গেছে পুরো এলাকায় রঙিন বাতির সমাহার। মূল ফটক থেকে বেদি পর্যন্ত লাল, সবুজ ও নীল আলোকবাতি দিয়ে আলোকসজ্জায় সজ্জিত। সৌধের প্রতিটি ফটকেই লাল, নীল হলুদসহ নানা রঙের বাতি শোভা পাচ্ছে।

bijoy2

সরেজমিনে দেখা যায়, স্মৃতিসৌধে ভিড় জমিয়েছেন নানা পেশাজীবী মানুষ। কেউ বন্ধুদের নিয়ে এসেছেন, কেউ পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন। এছাড়া লাল ইটে সাদা রঙের ছোঁয়া শুভ্রতা ছড়াচ্ছে। বিভিন্ন স্থানে লাল টবে শোভা পাচ্ছে বাহারি ফুল গাছ। অভ্যন্তরে বিভিন্ন গাছ, স্থাপনা ও ফুলের গাছের কাছেও বাতি জ্বলতে দেখা যায়। প্রতিটি স্থাপনা সাজানো হয়েছে আলোকসজ্জায়। সড়কগুলোতে বাহারি রঙের বাতি দিয়ে সাজানো হয়েছে।

স্মৃতিসৌধের এলাকার অপর পাশে জয় রেস্তোরা, সেনা শপিং কমপ্লেক্স, সেনা অডিটোরিয়ামসহ সড়কের বিভিন্ন অংশে দেওয়া হয়েছে আলোকবাতি। এছাড়াও দেখা যায়, স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে চারদিক সিসিটিভির আওতায় আনা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ১৬ ডিসেম্বর বাঙালির বিজয়ের দিনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন ও ভালোবাসা জানাতে স্মৃতিসৌধে মানুষের ঢল নামবে। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টাসহ দেশ–বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এদিন শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসবেন।

উদযাপন নির্বিঘ্ন করতে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। স্মৃতিসৌধের নানা স্থানে নতুন করে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

bijoy1

সাভার জাতীয় স্মৃতিসৌধের দায়িত্বে থাকা সাভার গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, প্রতি বছরের মতো এবারও মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহীদ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আসবেন। তাদের শ্রদ্ধা নিবেদন শেষে সৌধে প্রবেশের ফটকগুলো খুলে দিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষের ঢল নামবে সৌধ প্রাঙ্গণে। তাদের হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে বেদি।

দিবসটি যাথযথভাবে উদযাপনের জন্য বরাবরের মতো এবারও পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ এরই মধ্যে শেষ হয়েছে বলে জানান মিজানুর রহমান। তিনি বলেন, গণপূর্ত বিভাগের কর্মীদের টানা ১৫ দিনের পরিশ্রমে সৌধপ্রাঙ্গণ পেয়েছে নতুন রূপ। ধোয়া-মোছা শেষে সিঁড়িসহ অন্যসব স্থাপনায় পড়েছে রং-তুলির আঁচড়। বাহারি ফুল গাছে ঢেকে দেওয়া হয়েছে বেদির সবুজ চত্বর।

 

 

বিজয় দিবসকে কেন্দ্র করে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেন বলেন, সৌধপ্রাঙ্গণসহ আশপাশের এলাকায় বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। পুরো সাভার এলাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।

দিবসটি উপলক্ষে তিন হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুরো সাভারজুড়ে মোতায়েন থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )