
গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাজনৈতিক শত্রুতায় সংঘবদ্ধ হামলায় একজন যুবদল নেতা কে আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৭ জানুয়ারি, ২০২৫) রাত ৯টার দিকে উপজেলার দরবস্ত ইউপির কালিতলা বাজারের পশ্চিম পার্শ্বে মাংসের দোকানে ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত তালুককানুপুর ইউপির ছোট জামালপুর গ্রামের মৃত ছামছুল আলমের ছেলে মশিউর রহমান রাঙ্গা বাদী হয়ে থানায় লিখিত এজাহার দিয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, দরবস্ত ইউপির জহুরুল ইসলাম, বাপ্পী মিয়া, ফারুক ইসলাম, মারুফ ইসলাম, সাগর ইসলাম, সাইদার রহমান, নাজমুল ইসলামরা ইউনিয়ন আওয়ামী লীগের এবং একদলভুক্ত হওয়ায় রাজনৈতিক পূর্ব শত্রুতায় হুমকি অব্যাহত রাখে। ঘটনার সময় ভূক্তভোগী জহুরুল ইসলামের মাংসের দোকানের সামনে অবস্থান কালে সংঘবদ্ধভাবে অতর্কিত আক্রমণ করে। তাদের এলোপাথারি মারপিটে শরীরের বিভিন্ন স্থানে ছেলাফোলা জখম সহ মাথায় ফাটা ও রক্তাক্ত জখম করে। আহত ব্যক্তির আত্মচিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
এ ঘটনায় আহত উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মশিউর রহমান (রাঙ্গা) বলেন, বিগত আওয়ামী শাসনামলের পরও অভিযুক্ত ব্যক্তিরা আমাকে বিভিন্নভাবে ভয়-ভীতি ও হুমকি দিয়ে আসছিল। শুক্রবার তারা সংঘবদ্ধভাবে আমাকে মারপিটে রক্তাক্ত জখম করে। আমি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এজাহারে উল্লেখিত অভিযুক্ত ফারুক ইসলাম জানান, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না এবং মারপিটের বিষয়টি জানিনা। লিখিত অভিযোগ জমার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related