
দিনাজপুরের ঘোড়াঘাটে দরিদ্র ও অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় ১ম ধাপে ২ হাজার ৭শ ২৯ জন সুবিধাভোগী’র মাঝে চাল বিতরণ করা হয়েছে। সোমবার (১৭ই মার্চ) সকাল ১০ টায় উপজেলার ১নং বুলাকিপুর ইউপি হলরুমে মোট ৫ হাজার ৭শ ৫৫ জন সুবিধাভোগী’র মধ্যে দুই ধাপে এ চাল বিতরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরমধ্যে ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ২ হাজার ৭শ ২৯ জন সুবিধাভোগী’র মাঝে বিকাল ৩ টা পর্যন্ত এ চাল বিতরণ কর্মসূচী চলে।
উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, ট্যাগ অফিসার হিসাবে উপজেলা সমবায় কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, ১নং বুলাকিপুর ইউপি’র চেয়ারম্যান সদের আলী খন্দকার, ইউপি সদস্য আবুল কালাম আজাদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিটি কার্ডধারী সুবিধাভোগী ১০ কেজি করে চাল পেয়েছেন। চাল সংগ্রহ করতে আসা একাধিক ব্যক্তি জানান, চাল পেয়ে তারা খুবই আনন্দিত। ৭ নং ওয়ার্ডের সুবিধাভোগী আনসার আলী বলেন, “এই সহায়তা আমাদের পরিবারের জন্য অনেক উপকারে আসবে, বিশেষ করে ঈদকে সামনে রেখে এটি অনেক বড় সহায়তা।”
৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুশফিকুর রহমান জানান, প্রকৃত সুবিধাভোগীদের হাতে সরকারি সহায়তা পৌঁছে দিতে তারা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। নির্বিঘ্নে চাল বিতরণ সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, “ভিজিএফ কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। আমরা চাই, এই সহায়তা যথাযথভাবে যেন তাদের হাতে পৌঁছে যায়।”
Related