


দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় উপজেলার ১নং বুলাকিপুর ইউপি’র সোনামুখী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জনপ্রতিনিধি ৩ নং ওয়ার্ডের সদস্য মিলন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত আবুল হোসেন (৬৫) জমিতে কাজ শেষ করে বাইসাইকেল যোগে সোনামুখী বাজার নামক স্থানে রাস্তা পার হওয়ার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত আবুল হোসেন উপজেলার উদয়ধুল গ্রামের মৃত মহসিন আলীর পুত্র।
বিষয়টি নিয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকের সাথে কথা হলে তিনি বলেন, মৃতের আত্মীয় স্বজনের কোনো অভিযোগ না থাকায় মরদেহের সুরতহাল শেষে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। আমরা দ্রুত বাসটি সনাক্তের চেষ্টা করছি। সনাক্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।