


প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্য করায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলার এক সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।
অভিযুক্ত শিক্ষক মুনিবুল হক বসুনিয়া নাজিমখাঁন ইউনিয়নের আবুল কাশেম বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। গত শনিবার (১৭মে) কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপনকুমার রায় চৌধুরীর স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয় যে, শিক্ষক মনিবুল হক তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। যা সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ এর ৩(খ) বিধির লঙ্ঘন এবং ২০১৯ সালের সংশোধিত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশনার পরিপন্থি। এতে আরো বলা হয় তার আচরণ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। তাই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে বরখাস্তকালীন তিনি খোরাকি ভাতা প্রাপ্য হবেন। এ বিষয়ে শিক্ষক মনিবুল হকের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ২০২০ সালের ৫ই মার্চ সরকার নির্ধারিত দৈনিক টিফিন ভাতা ৬ টাকা ৬৬ পয়সা প্রত্যাখ্যান করি। পরে চট্টগ্রামে প্রাথমিক শিক্ষকদের এক অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান চন্দ্র রায় পোদ্দার বলেন, শিক্ষকতা পেশাকে অর্থমূল্যে বিবেচনা করা যাবে না। অবশ্যই আপনাদের আর্থিক উন্নয়নের জন্য সরকারের উদ্যোগ আছে কিন্তু যারা মনে করেন যে, না আমার তো পোষাচ্ছে না। খুব ভালো, তাহলে আপনি প্রাথমিকে থাকবেন না, অন্য পেশায় চলে যান। আমি উপদেষ্টার মন্তব্যের প্রতিবাদ ফেসবুকে পোস্ট করি। আমাকে শাস্তি দেয়া হয়েছে। এটা ফ্যাসিবাদী আচরণ। তিনি তার ফেসবুক পোস্টে লেখেন,প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকাণ্ডকে ‘প্রসব বেদনা’ বা, অতিপ্রসব’বলে তুলে ধরেন। এই বিভাগের কর্মকর্তারা শিক্ষকদের শত্রু হিসেবে বিবেচনা করেন। সরকার ও শিক্ষকদের মুখোমুখি করতেই তারা নানা নীতিমালা জারি করেছেন। পোস্টে শিক্ষকদের কর্মঘণ্টা, বেতন,শুক্রবারে প্রশিক্ষণ সহ নানা সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বিরূপ মন্তব্য করেন। ফ্যাসিবাদী আমলের মতোই শিক্ষকদের দমন করা হচ্ছে।আমি শনিবার স্কুলে যাবো না,শুক্রবার সাব ক্লাস্টারে যাবো না। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত।
এই বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী বলেন,সরকারি নীতিমালার পরিপন্থি কর্মকাণ্ডের জন্যই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।