1. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
  2. [email protected] : Sokaler Bani : Iqbal Sumon
  3. [email protected] : Md Hozrot Ali : Md Hozrot Ali
গঁড়েয়া ডিগ্রি কলেজে 'পকেট কমিটি' তৈরির অভিযোগ | দৈনিক সকালের বাণী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

গঁড়েয়া ডিগ্রি কলেজে ‘পকেট কমিটি’ তৈরির অভিযোগ

ঠাকুরগাঁও অফিস
  • আপলোডের সময় : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৫৯৭ জন দেখেছেন

ঠাকুরগাঁও জেলার গড়েয়া ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা পর্ষদ গঠন প্রক্রিয়া নিয়ে চরম বিতর্ক ও রহস্যের সৃষ্টি হয়েছে। নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠনের নিয়ম থাকলেও, সেই প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে রাতের আঁধারে মোটা অঙ্কের টাকার বিনিময়ে একটি অনিয়মতান্ত্রিক ‘পকেট কমিটি’ গঠন করা হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক অভিভাবক সদস্য এবং স্থানীয় শিক্ষানুরাগীরা।
কলেজ সংশ্লিষ্ট সূত্র, স্থানীয় অভিভাবক এবং এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, গত রাতে অত্যন্ত তড়িঘড়ি এবং গোপনীয়তার সাথে কলেজের নতুন পরিচালনা পর্ষদের কমিটি গঠন করা হয়েছে। নির্বাচনের জন্য অভিভাবক কোটায় বিধি মোতাবেক ফর্ম সংগ্রহ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত ছিলেন তিনজন অভিভাবক সদস্য: মো. আব্দুল মজিদ, মো. রশিদুল ইসলাম এবং মো. আনোয়ারুল ইসলাম। কিন্তু তারা জানান, নির্বাচনের জন্য নির্ধারিত দিনে বা সময়ে কোনো ধরনের ভোটাভোটি বা নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক ওই তিন অভিভাবক সদস্য ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন।
মো. আব্দুল মজিদ বলেন, ‘আমি নিয়ম মেনে ফর্ম তুলেছি, নির্বাচনের জন্য প্রস্তুতিও নিয়েছিলাম। কিন্তু নির্বাচনের দিনে গিয়ে দেখি অন্যরকম পরিস্থিতি। কোনো ভোটাভুটির নামগন্ধ নেই। শুনলাম রাতের আঁধারে নাকি কমিটি হয়ে গেছে। আমরা যারা অভিভাবক, কলেজের ভালো চাই, তারা নির্বাচনে অংশ নিতে চাইলাম, কিন্তু আমাদের সেই সুযোগটাই দেওয়া হলো না। এটা খুবই অন্যায়।’
মো. রশিদুল ইসলাম জানান, ‘কলেজ কমিটি গঠন হবে, নির্বাচনের কথা চলছে শুনে আমি ফর্ম নিয়েছিলাম। ভাবলাম যদি কিছু করতে পারি কলেজের জন্য। কিন্তু নির্বাচনী প্রক্রিয়া তো দেখলামই না। রাতের আঁধারে কে বা কারা মিলে কমিটি করে ফেলল, কেউ কিছু জানল না। এর মধ্যে নিশ্চয়ই কোনো গরমিল আছে। স্বচ্ছতা বলতে কিছুই ছিল না।’
মো. আনোয়ারুল ইসলাম ক্ষোভের সাথে বলেন, ‘আমি শুনে অবাক হয়েছি যে নির্বাচন ছাড়াই কমিটি হয়ে গেছে। আমরা যারা ভোটার হিসেবে বা প্রার্থী হিসেবে মাঠে ছিলাম তাদের কাছে কোনো খবর নেই। সবকিছু চুপিসারে রাতের বেলা করা হয়েছে। মনে হচ্ছে বড় অঙ্কের টাকার বিনিময়ে একটা কমিটি চাপিয়ে দেওয়া হলো। এর পেছনে কি রহস্য আছে, সেটা তদন্ত করা দরকার।’
এদিকে, পরিচালনা পর্ষদে বিধি অনুযায়ী বিদ্যোৎসাহী সদস্য হিসেবে স্থান পাওয়ার কথা ছিল স্থানীয় শিক্ষানুরাগী মো. মতিয়ার রহমানের। তাকে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়েছিল বলেও জানা যায়। কিন্তু নবগঠিত কমিটি তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যায় তার নামটি বাদ পড়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে মো. মতিয়ার রহমান তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমাকে আনুষ্ঠানিকভাবে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে সিলেকশন দেওয়া হয়েছিল। আমি বুঝতে পারছি না, আমার নামটি কেন বাদ পেলো। এটি খুবই দুর্ভাগ্যজনক। আমার দৃঢ় বিশ্বাস, এখানে বড় ধরনের কোনো চক্রান্ত হয়েছে অথবা কোনো আর্থিক লেনদেনের মাধ্যমে আমার নামটি বাদ দেওয়া হয়েছে। এই ধরনের অস্বচ্ছতা কিছুতেই গ্রহণযোগ্য নয়।’
সবচেয়ে বিস্ফোরক অভিযোগ হচ্ছে নবগঠিত কমিটি গঠনের পর থেকেই কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান এবং নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুস একপ্রকার পলাতক রয়েছেন। কলেজে তাদের দেখা যাচ্ছে না এবং তাদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হচ্ছে না।
স্থানীয় এলাকাবাসী এবং কলেজের শিক্ষার্থীদের একাংশ অধ্যক্ষ মিজানুর রহমানের নিয়মিত কলেজে উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, অধ্যক্ষ নিয়মিত কলেজে আসেন না এবং বিশেষ করে বিভিন্ন নির্বাচনের সময় তিনি ইচ্ছামতো দীর্ঘ ছুটি নিয়ে থাকেন। এলাকার অনেকের মতেই, এই ব্যক্তি কলেজের প্রতি দায়িত্ব পালনে পুরোপুরি অবহেলা করেন এবং কলেজের কার্যক্রমে তার মনোযোগ খুবই কম।
এসব গুরুতর অভিযোগের বিষয়ে কলেজ কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।
স্বচ্ছতা এবং নিয়ম মেনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠন নিশ্চিত করার দাবি জানিয়েছেন সর্বস্তরের মানুষ। এই অনিয়ম ও স্বচ্ছতার অভাবের অভিযোগ গড়েয়া ডিগ্রি কলেজের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ বাড়িয়েছে। স্থানীয় শিক্ষানুরাগীরা দ্রুত এই কমিটি গঠন প্রক্রিয়া বাতিল করে নিরপেক্ষ তদন্ত এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী
Theme Designed BY Kh Raad ( Frilix Group )