


দিনাজপুরের ঘোড়াঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় ইউনিয়ন যুবলীগ নেতা মাছুদ রানাকে (৪৬) গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।
শনিবার (২৪ মে) রাত সাড়ে ১২ টায় উপজেলার পালশা ইউনিয়নের বেলোয়া ফুটানি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাছুদ রানা ৩ নম্বর সিংড়া ইউনিয়নের যুবলীগের সভাপতি।
জানা গেছে, গত ৪ আগস্ট পৌরশহরের বাসস্ট্যান্ডে ছাত্র-জনতার শান্তিপূর্ণ সমাবেশে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় যানবাহন ভাঙচুর, মোটরসাইকেল ও দোকানে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া আতঙ্ক সৃষ্টি করার জন্য কয়েকটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় গত ২৪ আগস্ট থানায় ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আর ৭০-৮০ জনকে আসামি করে একটি মামলা করা হয়।
বিষয়টি নিয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার ঘটনা ঘটানোর অভিযোগ আছে। এসব ঘটনার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।