


সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এসব অনুষ্ঠিত হয়।
বৃষ্টি উপেক্ষা করে দলীয় কার্যালয় থেকে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ করে তারা।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল সরকার খোকনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সমাজসেবা বিষয়ক সম্পাদক মামুন হাসমি দিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হক মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোয়েব হক্কানী, ১ নং যুগ্ম আহবায়ক তারেকুজ্জামান তারেক প্রমুখ।
এসময় জেলা ও সাত উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।