


অন্তর্বতীকালীন সরকারের নির্লিপ্ততায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে এবং গুপ্ত সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এসব অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির কার্যালয়ের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ করে তারা।
জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, সহ সভাপতি আব্দুল আউয়াল আরজু, শহর বিএনপি সভাপতি শহিদুজ্জামান শহিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম লিপন, যুগ্ন সাধারণ সম্পাদক আহমেদ সেকেতুর রব অনিক, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক ইউনুস আলী দুখু, সদস্য সচিব খন্দকার আল আমিন, জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া জিম, যুগ্ন সাধারণ সম্পাদক মিরজুমান রবিন প্রমুখ।
বক্তারা বলেন, একটি গুপ্ত সংগঠন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করছে এবং বিএনপির নামে নানা অপপ্রচার চালাচ্ছে। এদের প্রতিহত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ও আহ্বান জানান নেতারা।
কক্সবাজার সদরের ভারুয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে জামায়াত নেতার হামলায় নিহত হন বিএনপি নেতা রহিম উদ্দিন সিকদার। এই হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। অতিদ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানানোসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তরবর্তীকালীন সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আহব্বান করেন বক্তারা।
এছাড়াও যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।