


জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগকালে নারীনির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে বিদ্যালয় ভিত্তিক পরিবেশ ক্লাব শক্তিশালীকরণে গাছ বিতরণ, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ আগস্ট বেসরকারি সংস্থা ছিন্নমূল মহিলা সমিতি ও গণসাক্ষরতা অভিযান এর আয়োজনে মালালা ফান্ডের সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিদের অংশগ্রহনে সকাল ১১ টায় একটি র্যালী উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে ছালুয়া ফজলে রাব্বী বালিকা বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমানের সভাপতিত্বে ছিন্নমূল মহিলা সমিতির উপ-পরিচালক এবিএম মাসুদুন্নবী লিপনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার জগৎবন্ধু মন্ডল। অন্যান্যদের মধ্যে আরাও বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার নূরে আলম সিদ্দিকী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাকিব হাসান, গুনভড়ি দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতলুবর রহমান বুলু, জমিলা আক্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজু মিয়া, কঞ্চিপাড়া এম এ ইউ একাডেমির প্রধান শিক্ষক মো: রায়হান সরকার, ছালুয়া ফজলে রাব্বী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহ. শিক্ষকা প্রতিমা রাণী প্রমুখ।
সভায় জেন্ডার সংবেদনশীল জলবায়ু পরিবর্তন সহায়ক এবং তথ্য নির্ভর শিক্ষা প্রসার কার্যক্রমে স্থানীয় পর্যায়ে শিক্ষার ক্ষেত্রে বাজেট বৃদ্ধি এবং নারী শিক্ষার প্রয়োজনীয়তা এবং দুর্যোগকালে নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে বিদ্যালয় ভিত্তিক পরিবেশ ক্লাব শক্তিশালীকরণে সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয় । উল্লেখ্য, ছিন্নমূল মহিলা সমিতি এ প্রকল্পের মাধ্যমে ফুলছড়ি উপজেলার ৪টি মাধ্যমিক বিদ্যালয় নিয়ে কাজ করেন এবং প্রত্যেক বিদ্যালয়ে ৫০ টি করে মোট ২০০ গাছের চারা বিতরণ করা হয়।