


রংপুরের কাউনিয়ায় নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা যুবদলের উদ্যোগে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর জেলা যুবদলের আহ্বায়ক নাজমুল ইসলাম নাজু।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাবেক উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান পলাশ, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেনসহ অন্যরা। বক্তারা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত একটি সংগ্রামী সংগঠন।
দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুবদল সবসময় অগ্রভাগে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।” তারা আরও বলেন, “যুব সমাজকে সংগঠিত করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। আন্দোলনের প্রতিটি ধাপে যুবদল হবে অগ্রণী শক্তি।” অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, দুঃস্থদের মাঝে খাবার বিতরণসহ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।