


“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য নিয়ে রংপুরের কাউনিয়ায় শুরু হয়েছে উপজেলা প্রশাসন ভলিবল টুর্নামেন্ট-২০২৫। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, ক্রীড়াবিদ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তারা বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।
এমন উদ্যোগ তরুণদের মধ্যে ইতিবাচক ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব জাগ্রত করবে। আয়োজক সূত্রে জানা গেছে, টুর্নামেন্টটি চলবে ৩০ অক্টোবর থেকে ৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত। সমাপনী দিনে বিজয়ী দলকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। খেলার উদ্বোধনী ম্যাচে খেলোয়াড়দের দক্ষতা ও প্রতিযোগিতামূলক মনোভাব দর্শকদের মুগ্ধ করেছে। উপস্থিত দর্শকরাও খেলার বিভিন্ন মুহূর্তে করতালির মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহিত করেন।