
ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানাধীন খোশবাজার এলাকায় দ্রুতগতির একটি পিকআপের ধাক্কায় যাত্রীবোঝাই ‘পাগলু’ (ট্যাক্সি) গাড়ি উল্টে গিয়ে একজন নিহত ও ১০জন আহত হয়েছেন। নিহত ব্যক্তি পঞ্চগড়ের বোদা উপজেলার একটি কলেজের প্রভাষক ছিলেন।
নিহত ওই প্রভাষকের নাম এরশাদ (৪০)। তিনি পঞ্চগড় জেলার বোদা উপজেলার পবার উদ্দিনের ছেলে। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার বেলা ১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। যাত্রীবোঝাই পাগলুটি পঞ্চগড় থেকে ঠাকুরগাঁওয়ের অভিমুখে যাচ্ছিল। খোশবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ সেটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় পাগলুটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই উল্টে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে আহত যাত্রীদের উদ্ধার করেন। এ সময় আহত হয় আরো ১০ জন । তাঁদের দ্রুত ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এরশাদ (৪০) মারা যান। আহত বাকি ১০ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বোদা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পেয়েই দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায় এবং উদ্ধার তৎপরতায় সহায়তা করে। দুর্ঘটনাকবলিত পাগলু ও পিকআপ—উভয় গাড়িই জব্দ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।’
Related