


তীব্র শীতে বিপর্যস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে কাউনিয়া ইউথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন । রংপুরের কাউনিয়া উপজেলায় শীতার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটি।
মানবিক সহায়তা পৌঁছে দিতে শীত মৌসুমের শুরুতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়। শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. সামসুল আলম ও সদস্য সচিব সোহেল রানা। তাঁদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিভিন্ন এলাকার দুস্থ ও অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
এ সময় বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবানসহ সকল শ্রেণি-পেশার মানুষের এগিয়ে আসা জরুরি। মানবিক দায়িত্ববোধ থেকেই কাউনিয়া ইউথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে।
তাঁরা আরও জানান, ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তাসহ সমাজসেবামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখবে সংগঠনটি। শীতবস্ত্র পেয়ে স্থানীয় সাধারণ মানুষ সংগঠনটির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।