


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ৪ কাউনিয়া-পীরগাছা নির্বাচনি এলাকায় ভোটের বেসরকারি ফলাফল প্রত্যাখ্যান করে পুনরায় ভোট গণনার দাবিতে রংপুর কুড়িগ্রাম মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করছে কাউনিয়া উপজেলা বিএনপি ও ধানের শীষের কর্মী সমর্থকরা। শনিবার বেলা পৌনে ১ থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচি চলাকালীন সময় বিএনপির নেতা কর্মী, সমর্থকরা ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে কাউনিয়া পীরগাছা এলাকার ভোটারদের ভোট কারচুপি করে ১১ দলীয় প্রার্থী জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আকতার হোসেনের শাপলা কলি প্রতীককে অবৈধভাবে বিজয়ী ঘোষণা করেছেন বলে অভিযোগ করেন।
এসময় কাউনিয়া পীরগাছা এলাকার জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এমদাদুল হক ভরসা বলেন, যতক্ষণ পর্যন্ত প্রশাসন পুনরায় ভোট গণনার আশ্বাস না দিবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। তিনি বলেন, কাউনিয়ায় পীরগাছা এলাকার মানুষ আমাকে শতভাগ ভোট দিয়েছে, আমি তাদের ভোটে নির্বাচিত হয়েছি। কিন্তু এনসিপির প্রার্থী আকতার হোসেন ইন্জিনিয়ারিং করে জনগণের রায় তার পক্ষে নিয়েছে। আমি আমার জনগণকে সাথে নিয়ে আন্দোলনে আছি এবং যতক্ষণ পুনরায় ভোট গণনার আশ্বাস দিবে না ততক্ষণ আন্দোলন চলবে। দুই ঘন্টা সময় ধরে অবস্থান কর্মসূচি চলাকালে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের উভয় পার্শ্বে কয়েক হাজার যাত্রীবাহী বাস, ট্রাক, ব্যাটারি চালিত অটো দাঁড়িয়ে থাকে। এতে করে বিভিন্ন জায়গায় যাতায়াতকারী জনসাধারণ ভোগান্তিতে পড়ে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. পাপিয়া সুলতানা, উপজেলা সহকারী কমিশনার ভূমি অঙ্কন পাল এবং কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজমুল হক ঘটনা স্থলে তাদেরকে আইনগত ভাবে আগানোর কথা বলে এবং তাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিলেও নেতা কর্মীরা মহাসড়ক ছাড়ার ঘোষণা দেন। এসময় কাউনিয়া উপজেলা বিএনপির সভাপতি কাউনিয়া পীরগাছা এলাকার ধানের শীষের প্রার্থী এমদাদুল হক ভরসা, সাধারণ সম্পাদক সফিকুল আলম শফি, যুগ্মসম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান আলমগীর চৌধুরী লিটন,বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক তরিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।