


ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রংপুরের কাউনিয়া উপজেলায় র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে অংশগ্রহণকারীরা আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্জারি বিভাগের কনসালটেন্ট ডা. মমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যাতে পানি জমে না থাকে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালু রাখলে এসব রোগ প্রতিরোধ করা সম্ভব।